'যত দেরিতে সংলাপ হবে সংকট ততই বাড়বে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যত দেরিতে সংলাপ হবে, রাজনৈতিক সংকট ততই বাড়বে। তাই দেরি না করে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে দ্রুত সংলাপে বসা উচিত। দুই দলের অনৈক্যের কারণে এখন দেশজুড়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ এ মন্তব্য সিলেট নগরের কুমারপাড়া এলাকার বাসিন্দা বিদ্যালয়ের শিক্ষক রিয়াজ উদ্দিনের।
জাতীয় নির্বাচন নিয়ে দেশে রাজনীতির বর্তমান সময়কে ‘সংকটকাল’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল রোববার কথা হয় নগরের অর্ধশতাধিক মানুষের সঙ্গে। প্রত্যেকেই আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ করেছেন।
জেল রোড এলাকার চা-বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, ‘ভাই, আমি রাজনীতি-ফাজনীতি অততা বুঝি না। এই পাঁচ বছরে ব্যবসা-বাণিজ্য শান্তিতে করতাম পারতাছি না। আওয়ামী লীগ আর বিএনপি দুইটা দলই এক। কুনু দলই মাইনষের ভালা চায় না। তারা খালি নিজেরার ভালা চায়।’
রিকশাচালক খায়রুল মিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দিছে হরতাল ডাইক্যা। ইটা তো গরিবের পেটে লাত্থি। দুই নেত্রী বইয়া সমাধান করলেই তো হয়। তাঁরার তো কুনু পবলেম (সমস্যা) নাই, হকল ঝামেলা তো গরিববার।’ আম্বরখানা এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘নির্বাচন এলেই দেশে অরাজকতা তৈরি হয়। এত বছর ধরেও ওই এক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারল না। এই একটি কারণে রাজনৈতিক সহিংসতায় কত মানুষ মারা যাচ্ছে।’
ঠেলাগাড়ির চালক রহিমুদ্দিন জানান, গতকাল তিনি ভাড়ায় কিছু মালামাল নিয়ে নগরের লোহারপাড়া থেকে শিবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় হরতাল পালনকারীরা তাঁর ঠেলাগাড়ি উল্টে দেয়। এতে ঠেলাগাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থার জন্য তিনি আওয়ামী লীগ ও বিএনপির একগুঁয়েমিকে দায়ী করেছেন।
ইশরাত আরা কাজীটোলা এলাকার গৃহিণী। তিনি বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে ভোট কারচুপি হওয়ার আশঙ্কা রয়েছে।’ একই এলাকার আরেক গৃহিণী নূরুন্নেসা বেগম বলেন, ‘শেখ হাসিনার অধীনে দেশে এতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাই তাঁর অধীনে নির্বাচনে যেতে সমস্যাটা কোথায়?’
বাগবাড়ি এলাকার কলেজশিক্ষক শহীদুল আলম বলেন, ‘আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের নেতৃত্বেই সমস্যা। তাঁরা সংকট জিইয়ে রাখছেন। এভাবে চলায় দেশ ক্রমে রসাতলে যাচ্ছে। প্রধান দুটি রাজনৈতিক দলের এ ধরনের কোন্দলের সুযোগে মৌলবাদী অপশক্তি এবং সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো অন্যায্য প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।’ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রথম আলোকে বলেন, ‘বিচার মানি কিন্তু তালগাছ আমার—রাজনীতিবিদদের ক্ষেত্রে এ বাক্যটি খুব সত্য। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। প্রধানমন্ত্রী সংলাপের জন্য বিরোধীদলীয় নেত্রীকে ফোন করলেন অথচ বিরোধীদলীয় নেত্রী আমন্ত্রণ রক্ষা করলেন না। এতে জাতি হতাশ হয়েছে।’