‘গতবার সংসদ নির্বাচনে ভোট না দিতে ভয় দেখানো হয়েছিল। এবারও অনেকেই ভয় দেখাচ্ছেন। আমরা ভয় পাই না। যতই ভয় দেখাক, আমরা ভোট দিব।’ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে গড়েয়া গোপালপুর গ্রামের বাসিন্দা মনোপ্রসাদ কথাগুলো বলেন।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় গড়েয়া গোপালপুর গ্রামে সংখ্যালঘুদের ওপর চলে নির্যাতন। নির্বাচনবিরোধীদের হুমকি ও সহিংসতার ঘটনায় ভয়ে তাঁরা বিকেলেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় ইসকন মন্দিরে আশ্রয় নেন। সহিংসতার সেই স্মৃতি মুছে না যেতেই সদর উপজেলা নির্বাচন ঘিরে ওই গ্রামের সংখ্যালঘুরা আবারও সহিংসতার আশঙ্কা করছেন।
গত ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন তা স্থগিত করে। আজ এ উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
ওই গ্রামের ভোটাররা বলছেন, সংসদ নির্বাচনে ভোট দিতে যাওয়ায় এলাকার দোকানপাট-ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। এবারও ঝামেলা হবে বলে গুজব ছড়ানো হয়েছে। যতই ভয় দেখাক আর যতই ঝামেলা হোক, তবু তাঁরা এবার ভোট দিতে যাবেন। কয়েকজন গ্রামবাসী বলেন, জাতীয় সংসদের ভোটের সময় বিএনপি-জামায়াতের কর্মীরা দেউনিয়া বাজারে হিন্দুসম্প্রদায়ের ২০-২৫টি দোকানে ভাঙচুর ও লুট করেন।
গ্রামের দুর্গা মণি নামের এক ভোটার বলেন, ‘সকালে সবাই একসঙ্গে ভোট দিয়ে কাজে যামো।’
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অরুণাংশু দত্ত অভিযোগ করেন, নিশ্চিত পরাজয়ে আতঙ্কিত হয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর লোকজন নির্বাচনী এলাকার সংখ্যালঘুদের আবারও ভয়ভীতি দেখাতে শুরু করেছেন।
বিএনপির সহসভাপতি মির্জা ফয়সাল আমীন এক সংবাদ সমেঞ্চলনে বলেন, বিএনপি কখনো সংখ্যালঘুদের ওপর নির্যাতনের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিএনপি-সমর্থিত প্রার্থীর বিজয় ছিনিয়ে নিতে ভোট জালিয়াতির চেষ্টা করছেন। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।