'যতটুকু অপরাধ ততটুকু শাস্তি যেন পান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাঁর সহকর্মী ও একটি হোটেলের চার কর্মচারীকে মারধরের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পুলিশ কমিশনার বলেন, উপযুক্ত শাস্তির জন্য বিষয়টি আইজিপির কাছে পাঠানো হবে।

যাঁর বিরোদ্ধে অভিযোগ, পরিদর্শক পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তার নাম মাইনুল ইসলাম ভূঁইয়া। তিনি নগরের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন। এর আগে তিনি সদরঘাট ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন।

অভিযোগ উঠেছে, ৩ জুলাই রাতে নগরের আগ্রাবাদের হোটেল সেন্ট মার্টিনে ওই পাঁচজনকে পরিদর্শক মাইনুল মারধর করেন। এ ঘটনার তদন্তে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেনি। মারধরের শিকার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলম ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার আজ বিকেলে প্রথম আলোকে বলেন, মাইনুলের বিরুদ্ধে আনা অভিযোগের অনেকগুলো প্রমাণিত। যতটুকু অপরাধ তিনি করেছেন, ততটুকু শাস্তি যেন পান, এ জন্য পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হবে। পুলিশ সদর দপ্তর সিদ্ধান্ত নেবে, মাইনুলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, ১৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে হোটেল কর্মকর্তা-কর্মচারীসহ ১৩ জন এবং ১১ জন পুলিশ সদস্যের সাক্ষ্য নেওয়ার কথা উল্লেখ রয়েছে। প্রতিবেদনে সিসিটিভি থেকে মারধরের ঘটনার ১০টি স্থিরচিত্র জমা দেওয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৩ মার্চ সদরঘাট থানার ওসি থাকার সময় মাইনুলসহ দুই পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক আবদুর রহিম চট্টগ্রাম আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তদন্ত প্রতিবেদনে ওই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করা হলে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।