যত্রতত্র গাড়ি পার্কিং চট্টগ্রাম নগরে যানজটের অন্যতম মূল কারণ বলে মন্তব্য করেছেন পুলিশ কর্মকর্তারা। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা বন্ধ করা এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোরও তাগিদ দিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার দুপুরে আগ্রাবাদের একটি মিলনায়তনে ‘মোটরযান আইন কার্যকরে চালকদের সঙ্গে মতবিনিময়’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ এ সভার আয়োজন করে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএর উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন।
গাড়িচালকদের উদ্দেশে পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, চালকেরা নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে দায়িত্ব পালন করলে একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। পুলিশ, পরিবহন মালিক ও চালক কেউ কারও প্রতিপক্ষ নয়। নগরের যানজট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যততত্র গাড়ি পার্কিং এবং রাস্তা অবরুদ্ধ করে যাত্রী ওঠা-নামা না করতে চালকদের অনুরোধ করেন তিনি। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো, উল্টো পথে গাড়ি না চালাতেও তিনি চালকদের পরামর্শ দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বলেন, নগরের যানজটের ৯০ শতাংশ কারণ রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং করা। রাস্তার ওপর গাড়ি পার্কিং করে রাখলে অন্য গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহম্মদ নগরের কাপ্তাই সড়কের মাথা, অক্সিজেন মোড় ও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় তিনটি টার্মিনাল নির্মাণের দাবি জানান। তিনি বলেন, বাস টার্মিনাল না থাকা যানজটের একটি কারণ। এ ছাড়া নগরে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই। যাত্রী ওঠা-নামার স্থানগুলো নির্দিষ্ট করে দিলে যানজট অনেকাংশে
কমে আসবে।