'যথাযথ ভূমিকা পালন করেনি মন্ত্রণালয় ও করপোরেশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকুনগুনিয়াসহ রোগ প্রতিরোধে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে পবার আলোচনা সভা l প্রথম আলো
চিকুনগুনিয়াসহ রোগ প্রতিরোধে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে পবার আলোচনা সভা l প্রথম আলো

চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করলেও যথাযথ ভূমিকা পালন করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকার দুই সিটি করপোরেশনও প্রথম দিকে বিষয়টি নিয়ে অবহেলা করেছে। তারা এই রোগ বিস্তার রোধে ব্যর্থ হয়েছে। মানুষকেও সঠিক সময়ে তথ্য সরবরাহ করেনি।

গতকাল শনিবার কলাবাগানে পরিবেশ বাঁচা আন্দোলনের (পবা) কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

‘প্রতিকার নয় প্রতিরোধে অগ্রাধিকার, চিকুনগুনিয়াসহ রোগ প্রতিরোধে মন্ত্রণালয়ের ভূমিকা’ শীর্ষক এই সভায় বক্তারা বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরে গণহারে মানুষ আক্রান্ত হচ্ছে। তাই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা দরকার।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে ভবিষ্যতে মশার প্রাদুর্ভাব আরও বাড়বে। তাই মশাবাহিত রোগসহ সব রোগের স্বাস্থ্যঝুঁকি নিরূপণ ও মোকাবিলায় পর্যাপ্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করা দরকার। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে ও পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় পবার সদস্য রাজিয়া সামাদ, সম্পাদক ফেরদৌস আহমেদ, সহসম্পাদক এম এ ওয়াহেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি