'যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ‘সহিংসতা প্রতিরোধে জনতা’র ব্যানারে গতকাল সন্ধ্যায় শাহবাগের শিশু পার্কের সামনে (গত ২৮ নভেম্বর বাসে পেট্রলবোমা হামলা চালানোর স্থানটি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন  শ্রেণীপেশার মানুষ ষ ছবি: প্রথম আলো
নাশকতার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ‘সহিংসতা প্রতিরোধে জনতা’র ব্যানারে গতকাল সন্ধ্যায় শাহবাগের শিশু পার্কের সামনে (গত ২৮ নভেম্বর বাসে পেট্রলবোমা হামলা চালানোর স্থানটি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ষ ছবি: প্রথম আলো

ক্ষমতার দ্বন্দ্বে পুড়ে মরছে সাধারণ মানুষ। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ঝলসে দেওয়া হচ্ছে তাদের। গোটা দেশই আজ পরিণত হয়েছে একটি বার্ন ইউনিটে। তাই নৈতিকতার শক্তিকে পুঁজি করে ক্ষমতালোভী রাজনীতিবিদদের বুঝিয়ে দিতে হবে, জনগণই মূল শক্তি। যেখানেই নাশকতা, সেখানেই গড়ে তুলতে হবে প্রতিরোধ।

এই উচ্চারণ দেশের চলমান সহিংস রাজনীতিতে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের। ‘সহিংসতা প্রতিরোধে জনতা’ ব্যানারে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন তাঁরা। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এতে অংশ নেন। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল ‘ক্ষমতার লড়াইয়ে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করো’ এই স্লোগান।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মানুষকে পুড়িয়ে মারতে বিএনপি ফ্যাসিবাদীদের ভাড়া করছে। তাদের কাছে এখন নীতি-নৈতিকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষকে নৈতিকতার শক্তিতে এক হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অধ্যাপক কাবেরী গায়েন বলেন, যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে। আর একটা পেট্রলবোমা মারা হলে এর দায়িত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকেই নিতে হবে।

সহকারী অধ্যাপক তানজিমউদ্দিন খান বলেন, মানুষের মার্কা দেখে ভোট দেওয়ার দুর্বলতাকে কাজে লাগিয়ে বছরের পর বছর রাজনীতি করে যাচ্ছে প্রধান দুই দল। এ কারণেই শামীম ওসমানের মতো লোক মনোনয়ন পান আর কোনো নীতির তোয়াক্কা না করেই পুড়িয়ে মানুষ মারা হয়।

সাবেক ছাত্রনেতা মাহবুব জামান বলেন, ‘ভিডিও টেপে অজ্ঞাত স্থান থেকে ঘোষণা এল, আর সব বন্ধ হয়ে গেল। এ রকম অবরুদ্ধ দেশ চাই না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘খুন-সহিংসতার নীতি রাজনীতি হতে পারে না’, ‘সাধারণ মানুষের জীবন নিয়ে আগুন খেলা এই মুহূর্তে বন্ধ করো’, ‘ক্ষমতার লড়াইয়ে মানুষ পুড়িয়ে মারার অবসান চাই’, ‘ক্ষমতালোভী রাজনীতি বন্ধ করো’, ‘ঘরে ফেরার নিশ্চয়তা চাই’ ইত্যাদি স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশে সংহতি প্রকাশ করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বায়ক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, যুদ্ধাপরাধী বিচারমঞ্চের আহ্বায়ক খালেকুর রহমান, সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স, রাগিব হাসান মুন্না, মানবেন্দ্র দেব প্রমুখ।

সমাবেশ শেষে জ্বলন্ত মোম হাতে একটি ‘আলোর মিছিল’ বের করা হয়। মিছিলকারীরা শাহবাগে শিশুপার্কের সামনে গত বৃহস্পতিবারের গাড়ি পোড়ানোর স্থানে যান। চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়ার ওই ভয়াবহ ঘটনায় ১৯ জন সাধারণ মানুষ দগ্ধ হন। তাঁদের মধ্যে মারা গেছেন দুজন।

মানববন্ধন: এদিকে ‘অবরোধের নামে পুড়িয়ে মানুষ হত্যার’ প্রতিবাদে প্রজন্ম ’৭১ এবং ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ গতকাল বিকেলে শাহবাগ শিশুপার্কের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, এভাবে ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকলে একসময় ইতিহাসের কাঠগড়ায় এর জবাবদিহি করতে হবে। যারা এসব নাশকতা করছে, তাদের তিনি এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, ‘দেখছি, বর্তমানে বিরোধী দল বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। রাজনীতি মানুষের জন্য হলেও তারা এখন মানুষ মারার রাজনীতি করছে।’

মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, প্রজন্ম ’৭১-এর সভাপতি আদদ্বীন রেজা নূর, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি কামরুল হাসান খান প্র্রমুখ।