সিরাজগঞ্জ সদর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের প্রার্থীরা গড়ে ৪৬ দশমিক ২২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির প্রার্থীরা পেয়েছেন ২৪ দশমিক ১০ শতাংশ ভোট। তবে সব চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৪ শতাংশ।
নির্বাচনের পরের দিন গতকাল শুক্রবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই হিসাব পাওয়া গেছে। সাত ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, অনেক কেন্দ্রে প্রশাসন তৎপর থাকায় সেসব কেন্দ্রে তুলনামূলক সুষ্ঠু ভোট হয়েছে। আবার অনেক কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে অনিয়ম করা হয়েছে। যে কারণে দুই দলের প্রার্থীদের মধ্যে ভোটের
এই পার্থক্য হয়েছে। সব ইউনিয়নে সুষ্ঠু ভোট হলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ভোটের পার্থক্য আরও কম হতো বলে সূত্রগুলো মনে করছে।
তবে একাধিক রাজনৈতিক ব্যক্তি বলেছেন, সারা দেশে যেভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, তাতে সিরাজগঞ্জে বিএনপি ‘যথেষ্ট’ ভোট পেয়েছে।
ইউনিয়নভিত্তিক ফলাফলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাগবাটী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম ২৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮৩ দশমিক ৩৭ শতাংশ। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল আওয়াল পেয়েছেন ২ হাজার ৮৯০ ভোট (১০ দশমিক ৪৪ শতাংশ)।
ছোনগাছা ইউনিয়নে মোট ভোট পড়েছে ২০ হাজার ৭৭১। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ১৭ হাজার ৭ ভোট। আর বিএনপির প্রার্থী ৩ হাজার ৫৬ ভোট।
খোকশাবাড়ি ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী রাশিদুল হাসান পেয়েছেন ৭ হাজার ১৭০ ভোট। আর বিএনপির প্রার্থী পেয়েছেন ১ হাজার ৮ ভোট। অবশ্য এখানে দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মনজুর রহমান ও রাজু আহমেদ পেয়েছেন যথাক্রমে ৫ হাজার ৬১৮ ও ৪ হাজার ১৮৪ ভোট।
মেছড়া ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আবদুল মজিদ পেয়েছেন ৫ হাজার ৩১৫ ভোট। আর বিএনপি প্রার্থী পেয়েছেন ২ হাজার ৩৮৩ ভোট।
কালিয়াহরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী সবুর আলী সেখ।
বহুলী ইউনিয়নে বিএনপির প্রার্থী রুহুল আমিন সরকার ৯ হাজার ৬৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আবদুল বারী তালুকদার ৫ হাজার ৩০০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৭১২ ভোট।
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুল মান্নান সেখ ১০ হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী গোলাম আজম তালুকদার পেয়েছেন ৭ হাজার ৩৫৫ ভোট। জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদের গ্রামের বাড়ি এই ইউনিয়নে। এই ইউনিয়নসহ পার্শ্ববর্তী বহুলী ইউনিয়নে বিএনপির শক্ত অবস্থান।
এর বাইরে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা কাওয়াকোলা ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থী এগিয়ে আছেন। আর রতনকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী অনিয়মের অভিযোগ এনে ছোনগাছা, মেছড়া, বাগবাটি ও খোকশাবাড়িতে পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন।
তবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী প্রথম আলোকে বলেন, ‘যদি অনিয়ম করা হতো, তাহলে বহুলী ও শিয়ালকোল ইউনিয়নেও আওয়ামী লীগ জিতত।’