‘কথা বলতেই সংসদে আসি। কথা বলা যদি বন্ধ করতে বলেন, তাহলে সংসদে এসে হাজিরা দিয়ে বসে থাকব। যদি বলেন, শুধু হাজিরা দিয়ে চলে যাব। তা-ও হবে।’
কথা সংক্ষিপ্ত করার কথা বললে আজ বধবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াকে উদ্দেশ করে এ কথা বলেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ। মাগরিবের নামাজের বিরতির পরে এই বিতর্ক হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনা ফিরোজ রশীদ সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজার ওপর নির্মম হামলার প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়া শুরু করেন। একপর্যায়ে ডেপুটি স্পিকার তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করার আহ্বান জানালে ফিরোজ রশীদ বলেন, ‘আমরা সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নই। আমাদের কথা বলতে দিতে হবে। অন্যথায় আগেই বলে দেবেন—কোনো কিছুই বলব না। মন্ত্রীরা যখন পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান, তখন তাঁরা তো দীর্ঘ সময় কথা বলার সুযোগ পান।’
ফিরোজ রশীদ আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে যখন অ্যাওয়ার্ড পান, তখনই তার দেশে এ ধরনের ঘটনা ঘটছে। এর আগেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক ছাত্রীসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কয়েকটি ঘটনাও তুলে ধরেন তিনি। কাজী ফিরোজ রশীদ বলেন, মাদারীপুরের স্কুলশিক্ষককে মারতে গিয়ে একজন বন্দুকযুদ্ধে মারা গেল। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলো। পরে বলা হলো পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। কিন্তু খাদিজা আক্তারদের হামলাকারীদের ঘটনায় বন্দুকযুদ্ধের কোনো ঘটনা ঘটে না কেন? আইনের শাসনের কথা বলে এই হত্যাকাণ্ড দেশে আর চলতে দেওয়া যায় না। আইনের শাসন দেখিয়ে এভাবে মানুষ মারবেন না।
এ পর্যায়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, সিলেটের ঘটনার ওপরে কথা বলতে গিয়ে আপনি অন্য প্রসঙ্গ টেনেছেন, যা আগেও সংসদে বলেছেন। পয়েন্ট অব অর্ডারে এই বক্তব্য দিলে কোনো ফল পাওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট বিধি উল্লেখ করে এ বিষয়ে নোটিশ দিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। এই সংসদ সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী চলে। এভাবে কথা বলে সংসদের সময় নষ্ট করে কোনো ফল পাওয়া যায় না।
এর আগে প্রশ্নোত্তর পর্বে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সিলেটে চাপাতি দিয়ে ছাত্রীকে কোপানোর ঘটনাটি খুবই নির্মম। এ ঘটনার পুরো খোঁজখবর রাখছি, ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছি। তার চিকিৎসার জন্য যা প্রয়োজন তা করা হচ্ছে। অপরাধীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা ও চার্জশিট দুটিই করা হয়েছে।’