'যশোর রোড' নাম বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ‘খান-এ-সবুর রোড’-এর নাম পাল্টে ‘যশোর রোড’ করতে সিটি করপোরেশনকে দ্বিতীয় দফায় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, করপোরেশনকে তা পালন করতে হবে। নতুবা যেকোনো পরিস্থিতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে খুলনার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
গতকাল রোববার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা খুলনার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা মেয়রকে দ্বিতীয় দফা হাইকোর্টের আদেশ পালন করার আহ্বান জানান। পাশাপাশি মেয়রের কাছে হাইকোর্টের আদেশের অনুলিপি হস্তান্তর করেন।
সংগঠনের সভাপতি শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের স্বাক্ষরিত অবহিতকরণ অনুলিপিতে বলা হয়, ২০১২ সালের ১৩ মে সাংবাদিক শাহরিয়ার কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মুনতাসীর মামুন বাদী হয়ে হাইকোর্টে মুক্তিযুদ্ধবিরোধীদের নামে সড়ক, প্রতিষ্ঠানের নামকরণ করা কেন নিষিদ্ধ হবে না—এই মর্মে রিট পিটিশন দাখিল করলে আদালত ১৪ মে এক রুল জারি করেন। ২৫ আগস্ট আরেকটি আবেদনের ভিত্তিতে খুলনা সিটি করপোরেশনের মেয়রকে খান-এ-সবুরের নাম পরিবর্তন করে যশোর রোড রাখার আদেশ জারি করেন হাইকোর্ট। সেই আদেশে উল্লেখ আছে, মুক্তিযুদ্ধবিরোধীদের নামে কোনো সড়ক ও স্থাপনার যেসব নামকরণ করা হয়েছে, তা বাতিল করতে হবে।