‘যশোরের সেই এডিকে বদলি, ওসি প্রত্যাহার’
সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মাসুম হাসানকে গতকাল শনিবার সকালে বদলি করে রংপুর কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া সাংবাদিকের গলা চেপে ধরা কোতোয়ালি থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভুঁইয়াকে গত শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব থেকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পরিবেশ ভালো রাখার জন্য জনস্বার্থে সহকারী পরিচালক মাসুম হাসানকে বদলি করে রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’অন্যদিকে, কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার প্রসঙ্গে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘জনস্বার্থে ওসি জলিলকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।’গত বৃহস্পতিবার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতি ও জনদুর্ভোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শিকদার খালিদের গলা চেপে ধরেন কোতোয়ালি থানার ওসি জলিল।