‘ভটভটি’চালক পাশে বসা। ১২ বছর বয়সী এক শিশুর হাতে স্টিয়ারিং। অন্যান্য যানের সঙ্গে পাল্লা দিয়ে চালাচ্ছিল বলে চালক শিশুকে বাহ্বা দিচ্ছিলেন আর ডেকে ডেকে লোক দেখিয়ে হাসছিলেন। ব্রেক কষার পর চালক শিশুকে উদ্দেশ করে বললেন, ‘যা বেটা...এক চক্করেই তোর অইগেল!’এই দৃশ্য নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধরমপাশা সড়কের। দুই জেলার প্রান্তিক দুই উপজেলার সংযোগসড়কের চার কিলোমিটার অংশে চলাচল করছে নিষিদ্ধঘোষিত যান ‘ভটভটি’। এসব ভটভটি চালাতে উৎসাহিত করা হচ্ছে ১০ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোহনগঞ্জ-ধরমপাশার কংস নদের সেতুর ওপর ভটভটির একটি স্ট্যান্ডকে ঘিরে দুই উপজেলায় যাত্রীদের চলাচল। মোহনগঞ্জ থেকে ধরমপাশা এবং বাদশাগঞ্জ, গাছতলা, কান্দাপাড়া, সুনই সড়কে শতাধিক ভটভটি চলাচল করে। সেতুর ওপর স্ট্যান্ডের পাশে তেমুখী সড়ক এলাকায় শিশুদের ভটভটি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে পুরোনো চালকেরাই প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।মোহনগঞ্জ ও ধরমপাশায় চলাচলকারী ভটভটিগুলোর সাধারণত পুরোনো চালকেরাই মালিক। তাঁদের একটি অংশ শিশুদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। শিশুদের হাতে ভটভটি চালানোর ভার দেওয়ার কারণ প্রসঙ্গে একজন চালক বলেন, ‘চালনার ভার তাদের (শিশুদের) হাতে দিতে পারলে চালকদের অবসর সময়ে ভটভটি আর বন্ধ থাকবে না। এতে যাতায়াতকারীদেরই উপকার হবে।’ কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে তখন দায়ভার কে নেবে—এমন প্রশ্নে ভটিভটিচালক প্রসঙ্গ এড়িয়ে যান।তিন চাকাবিশিষ্ট এই বাহনে নেই কোনো তাৎক্ষণিক গতিরোধক নিয়ন্ত্রণযন্ত্র ও সতর্কসংকেত (হর্ন)। হাওরাঞ্চলের যোগাযোগবিড়ম্বিত এলাকা হওয়ায় শুষ্ক মৌসুমে সময় বাঁচাতে লোকজন ঝুঁকি নিয়ে ভটভটি দিয়ে চলাচল করছে। এ অবস্থায় চালক যদি শিশু হয়, তাহলে ঝুঁকি আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য খায়রুল বশর ঠাকুর খান। তিনি বলেন, এগুলো নিষিদ্ধ। দুই উপজেলার প্রশাসনের উচিত নিষিদ্ধ যান বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া।মোহনগঞ্জ ও ধরমপাশা সদর ছাড়াও ভটভটি সরাসরি চলে সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায়। পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, ‘বাহনটি পরিবেশবান্ধব নয়। এর প্রচণ্ড শব্দে লোকজন অতিষ্ঠ থাকে। চলার পথে উল্টে গিয়ে সড়কে হামেশাই দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই সালিস বৈঠক করতে হচ্ছে। এ অবস্থায় শিশুরা চালালে তো অবস্থা আরও খারাপ হবে। আমরা এ ব্যাপারে আগামী উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করব।’মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘ভটভটি চলাচল নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে নির্বিঘ্নে চলাচল করছে। এতে যদি শিশুরাও জড়িত হয়ে পড়ে, তাহলে নেতিবাচক প্রভাব পড়বে। আমি অবশ্যই এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’এদিকে ধরমপাশা এলাকায় চলাচলকারী ভটভটিগুলো উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করে চলাচল করছে বলে চালকেরা জানান। অবৈধ হওয়ায় থানার পুলিশকে ভটিভটিচালকেরা মাসোহারা দেন বলে অভিযোগ রয়েছে। তবে ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ভটভটিচালকদের কাছ থেকে পুলিশ কোনো মাসোহারা নিচ্ছে না। এটা ভিত্তিহীন কথা।তাহলে নিষিদ্ধ এই যান চলাচল বন্ধ করতে পুলিশ পদক্ষেপ নিচ্ছে না কেন—এমন প্রশ্নে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ভটভটি নিষিদ্ধ যান। চালক বড় হোক আর ছোট হোক, ভটভটি চলাচলে প্রশাসনের কোনো অনুমতি নেই। ব্যাপারটি প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে বলে জানান তিনি।