'যা হারিয়েছি তা আর ফিরে পাব না'
‘আমি যা হারিয়েছি, তা আর ফিরে পাব না। এর বেশি কিছু আর বলতে পারছি না, আমাকে ক্ষমা করেন’—কান্নাভেজা গলায় কোনোমতে কথাগুলো শেষ করেই মুঠোফোনটির সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন অবন্তি কুণ্ডু। তিনি শনিবার খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে নিহত শিপ্রা কুণ্ডুর একমাত্র মেয়ে।
শিপ্রা কুণ্ডুর এক ছেলে ও এক মেয়ে। স্বামী চিত্তরঞ্জন কুণ্ডু বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) খুলনা শাখার উপমহাব্যবস্থাপক। মেয়ে অবন্তি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর করছেন। আর ছেলে পড়ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষে। চিত্তরঞ্জন কুণ্ডু তাঁর পরিবার নিয়ে থাকেন খুলনা নগরের ইসলামপুর রোডের নিজ বাড়িতে। ঘটনার সময় শিপ্রা পূজার জন্য দোলখোলা এলাকার শীতলাবাড়ী মন্দিরের কাছে ফুল কিনতে গিয়েছিলেন।
শনিবার দুপুর ১২টার দিকে নগরের দোলখোলা এলাকার শীতলাবাড়ী মন্দিরের পাশে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিপ্রার বুকে গিয়ে লাগে।
শিপ্রার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার রাত একটার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নে চিত্তরঞ্জনের গ্রামের এলাকায় সৎকার করা হয়। রোববার সকালে মেয়েকে নিয়ে খুলনার বাড়িতে আসেন তিনি। এ সময় সরাসরি কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন অবন্তি ও বাবা চিত্তরঞ্জন। পরে তাঁদের সঙ্গে মুঠোফোনে কথা হয় প্রথম আলোর।
মুঠোফোনেই চিত্তরঞ্জন শোনাচ্ছিলেন শিপ্রার সঙ্গে তাঁর সুখ-দুঃখের কথা। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে আজ আমরা এ পর্যন্ত এসেছি। চাকরির প্রথম জীবনে ঢাকার রায়েরবাজার এলাকায় একটি টিনের ঘরে কষ্ট করে থাকতাম। সেখানে পানি ছিল না। শিপ্রাই কষ্ট করে বাইরে থেকে পানি সংগ্রহ করত। এত কষ্ট করেছে কিন্তু কখনো আমার ওপর রাগ করেনি।’
চিত্তরঞ্জন জানান, পুরো ঘর সামলানোর দায়িত্বই ছিল শিপ্রার ওপর। খুব সাংসারিকও ছিলেন। কখনো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়নি। ছেলেমেয়েদের মানুষ করার সব কৃতিত্বও তাঁকে দিলেন চিত্তরঞ্জন। তাঁকে এভাবে ফেলে রেখে চলে যাওয়ায় তিনি এখন কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না। ছেলেমেয়েদের কীভাবে মানুষ করবেন, তা নিয়েও খুব চিন্তিত তিনি।
চিত্তরঞ্জন বলেন, ‘বিয়ে করে ঘরে তোলার পর সবাই বলত “প্রতিমা” নিয়ে এসেছি। বিয়ের কিছুদিনের মধ্যে পদোন্নতিও হয় আমার। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় টিফিন বাটিতে গরম খাবার দিয়ে দিত।’
কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না শিপ্রার পরিবার। তারপরও তাঁর এভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না। এ ঘটনায় শিপ্রার পরিবার থেকে কেউ মামলা করবেন না বলে জানিয়েছেন চিত্তরঞ্জন কুণ্ডু। তাঁর দাবি, ‘মামলা করে কী হবে! আমি তো আর আমার স্ত্রীকে ফিরে পাব না।’