'যাঁদের গাফেলতিতে জিহাদের মৃত্যু, তাঁদের শাস্তি পেতেই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘যাঁদের গাফেলতির কারণে শিশু জিহাদের মৃত্যু হয়েছে, তাঁদের শাস্তি পেতেই হবে। কারা এর জন্য দায়ী, তাঁদের খুঁজে বের করতে রেলমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।’

আজ মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে জিহাদকে উদ্ধারে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তবে ওই দিন রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে বলেছিলেন, পাইপের মধ্যে পাঠানো ভিডিও ক্যামেরায় মানবদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘোষণার পর তিনি ব্যাপকভাবে সমালোচিত হন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজ ৩০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা দেওয়া হয়। শাহজাহানপুরে শিশু জিহাদ, রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনা স্থলে উদ্ধার কার্যক্রমে এসব স্বেচ্ছাসেবকেরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী দিনে উদ্ধার অভিযান কার্যক্রম নির্বিঘ্ন করতে দুর্ঘটনাস্থলের একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ঘিরে রাখা হবে। ওই স্থানে উদ্ধারকারী ও প্রয়োজনীয় লোক ছাড়া কেউ যেতে পারবেন না। পাইপে শিশু জিহাদের আটকে পড়াকে এক এনএসআইয়ের কর্মকর্তার গুজব বলে মন্তব্য করাকে সরকার আমলে নেয়নি বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে অনেকেই অনেক কথা বলেন। একে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওই ঘটনার পর তিনি ফায়ার সার্ভিসকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে বলেছেন।

ওই সময় কথার মধ্যে কিছু ভুল–বোঝাবুঝি হয়েছিল স্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস বা সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।’ স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে জিহাদের মৃতদেহ উদ্ধার করেছে বলে দাবি তাঁর।

আসাদুজ্জামান দাবি করেন, এ ধরনের পাইপে কেউ পড়ে যেতে পারে, এমন ধারণা ফায়ার সার্ভিসের ছিল না। নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের কাজ করতে হয়। তারা জিহাদকে জীবিত উদ্ধারে ব্যর্থ হওয়ার পর মৃতদেহ উদ্ধারে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়েছেন।

অনুষ্ঠানে যাঁদের সংবর্ধনা দেওয়া হয় তাঁদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন। এর মধ্যে শিশু জিহাদকে উদ্ধারে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করা শাহ মো. আবদুল্লাহ বলেন, অনেকে অনেক কথা বলছেন। কিন্তু ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ ও তাঁরা সবাই মিলে কাজটি করেছেন।

আরেক উদ্ধারকারী আবু বকর সিদ্দিক বাবলু বলেন, অনেকে বলেন ফায়ার সার্ভিস ও সরকারের লোকেরা তাঁদের কাজ করতে দিতে চাননি, এটা সম্পূর্ণ ভুল। তাঁরা তাঁদের যন্ত্র দিয়ে কাজটি করার ব্যাপারে ফায়ার সার্ভিসের ইতিবাচক মনোভাব পেয়েছেন। তিনি এ ধরনের কাজের সময় ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘এঁরা কাজের সময় ঘাড়ের ওপর চলে আসে, হইচই করে, এতে কাজের ক্ষতি হয়। এটা হওয়া উচিত না।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শওকত মোস্তফা বলেন, স্বেচ্ছাসেবকদের চেষ্টায় শিশু জিহাদকে জীবিত উদ্ধার করা যায়নি, তবে তার মরদেহ উদ্ধার করা গেছে। তিনি সারা দেশে আরও বেশি বেশি স্বেচ্ছাসেবক তৈরি, তাঁদের পরিচয়পত্র ও পোশাক দেওয়ার আহ্বান জানান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি কম থাকতে পারে, তবে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি বলেন, সারা দেশে ২৭ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। এই সংখ্যা ৬২ হাজার করা হবে।