'যাঁরা কর দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেই কর বিভাগ বেশি সোচ্চার'
‘যাঁরা কর দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেই কর বিভাগ বেশি সোচ্চার।’ গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে আয়োজিত রাজস্ব সংলাপে এক বক্তা এ কথা বলেন।
বৃহস্পতিবার শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার কাজী ইমদাদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য মো. ফরিদ উদ্দিন ও আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, কক্সবাজার চেম্বার অব কমার্সের সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী।
সংলাপে মানবাধিকারকর্মী তোফায়েল আহমদ বলেন, ইয়াবা ও মানব পাচার করে অনেকে কোটিপতি। কক্সবাজার-টেকনাফ সড়কের দুই পাশে কালোটাকায় তৈরি করা হয়েছে অসংখ্য বহুতল ভবন। অথচ এই কালোটাকার মালিক ও নব্য কোটিপতিদের করের আওতায় আনা হচ্ছে না।
হোটেল, মোটেল, গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, শহরে ফ্ল্যাটবাড়ি কিনে যাঁরা হোটেলের মতো ব্যবসা করছেন, তাঁরা সরকারকে কোনো কর দিচ্ছেন না।
প্রকৌশলী কানন পাল বলেন, কর প্রদানের ক্ষেত্রে হয়রানি ও দুর্নীতি রোধ করতে হলে জেলা পর্যায়ে গণশুনানি চালু করতে হবে। আইনজীবী ছৈয়দুল হক বলেন, যাঁরা কর দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেই কর বিভাগ বেশি সোচ্চার। ব্যবসায়ী উদয় শংকর পাল বলেন, কর দিতে গিয়ে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।
এনবিআর সদস্য আবদুর রাজ্জাক বলেন, কালোটাকার মালিকসহ করদাতা শনাক্তকরণে জরিপ কার্যক্রম চলছে।
এনবিআর সদস্য ফরিদ উদ্দিন বলেন, দেশের প্রায় তিন কোটি মানুষের কাছ থেকে শতভাগ কর আদায় হলে বছরে রাজস্ব পাওয়া যেত আড়াই লাখ কোটি টাকা।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘রাজস্ব আদায়ের ক্ষেত্রে কক্সবাজারের গুরুত্ব অনেক। নতুন করদাতা শনাক্ত করতে উপজেলা পর্যায়েও এই সংলাপ চালাব।’
সাংসদ সাইমুম সরওয়ার বলেন, এই শহরে চার শতাধিক হোটেল আছে। কক্ষভাড়া বেশি বলে পর্যটকেরা আসতে চান না। বিমানভাড়াও বেশি। ৫ শতাংশ সুদে ব্যাংকগুলো পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ দিলে কক্সবাজার থেকে শতভাগ রাজস্ব আয় সম্ভব।