'যাঁরা জঙ্গিবাদের ওকালতি করেন, তাঁদের সঙ্গে আলোচনা নেই'

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের বড় বিপদ জঙ্গিবাদ। বাংলাদেশ এখনো জঙ্গিবাদ মুক্ত নয়। তাই জঙ্গিবাদের পক্ষে ওকালতি, পৃষ্ঠপোষকতা যাঁরা করেন, তাঁদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনার জায়গা নেই।
আজ বৃহস্পতিবার গাজীপুরের বঙ্গ তাজ অডিটোরিয়ামে গাজীপুর জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন।
খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা-তারেকের পরিবারতন্ত্র বাংলাদেশে হতে দেওয়া হবে না। সামনে এগোতে হলে জঙ্গিবাদের বিপদ থেকে দেশটাকে স্থায়ীভাবে মুক্ত করতে হবে। তাই জঙ্গিবাদ দমনে সবার আগে জঙ্গিবাদ বর্জনের জন্য সংলাপ দরকার। যাঁরা জঙ্গিবাদ দমন-বর্জনের সংলাপে রাজি না, তাঁরা গণতন্ত্র ও নির্বাচনের অযোগ্য।
সম্মেলনে জেলা জাসদের সভাপতি আবদুর রফিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংসদ নাজমুল হক প্রধান ও কর্নেল তাহেরের স্ত্রী সাংসদ লুত্ফা তাহের। অনুষ্ঠানে জাসদের কেন্দ্রীয় ও জেলার নেতারা অংশগ্রহণ করেন।