'যাঁরা ত্বকী মঞ্চে কথা বলেন তাঁরা রাজাকার'
‘নারায়ণগঞ্জে ত্বকী মঞ্চে যাঁরা কথা বলেন তাঁরা সবাই আলবদর, রাজাকার। এঁদের কারও বাবা রাজাকার ছিল, কারও বাবা ছিনতাইকারী ছিল, কারও বাবা ভূমিদস্যু। তাঁরা বলেছেন শামীম ওসমান নাকি জামায়াত-হেফাজতে ইসলামকে লালন করেন। এ কথা প্রমাণ করতে পারলে নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাব।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ ও সন্ত্রাসনির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে উদ্দেশ করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বাঁচাতে ১৮-দলীয় জোটের অবরোধের প্রতিবাদে এবং কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের নিন্দনীয় প্রতিক্রিয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে গণমিছিল শেষে প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শামীম ওসমানের অনুগত সব বক্তাই মেয়র আইভী, হালিম আজাদ ও রফিউর রাব্বির বিরুদ্ধে কথা বলেন।
জেলার ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল বলেন, ‘নারায়ণগঞ্জে কেউ কেউ শামীম ওসমানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। তাঁদের হুঁশিয়ার করে বলতে চাই, উল্টাপাল্টা কথা বললে পিঠের চামড়া তুলে নেব।’ তিনি ত্বকী মঞ্চের উদ্দেশে বলেন, ‘যুবলীগ নেতা পারভেজকে আপনারাই গুম করেছেন। কেউ কেউ বলছেন, সেলিম ওসমান নাকি হেফাজতের সঙ্গে সম্পর্ক রেখে চলেন। এর প্রমাণ দিতে হবে। আপনারা কী করেন, তা সময়মতো প্রকাশ করা হবে।’
সম্প্রতি পাকিস্তানের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মানববন্ধনের আয়োজন করে। জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম মানববন্ধনের উল্টোদিকে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিলেন। এ ঘটনার সমালোচনা করে স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। এ ব্যাপারে শাহ নিজাম এ সমাবেশে বলেন, ‘আমি কারও সাথে বেয়াদবি করেছি, এটি কেউ বলতে পারবে না। আপনাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
খোকন সাহার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন প্রমুখ।