'যাঁরা দেশ চালাচ্ছেন তাঁরা ভুল পথে যাচ্ছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতই হাজার কোটি টাকার প্রকল্পের কথা বলা হোক না কেন, আইনের শাসন না হলে, বিশেষত পুলিশ আইনের আওতায় না এলে কোনো দেশের উন্নতি হয় না।
গতকাল শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক। তিনি বলেন, ‘যাঁরা দেশ চালাচ্ছেন, তাঁদের বুঝতে হবে, আপনারা সম্পূর্ণ ভুল পথে যাচ্ছেন। ভুল পথে গিয়ে নিজেদেরও প্রচুর ক্ষতি হবে এবং সমাজকেও ধ্বংস করে দিয়ে যাবেন। এটা আমরা কেউ চাই না।’
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর অধীনে পুলিশের জবাবদিহি নিশ্চিতকরণ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
শাহদীন মালিক বলেন, অগণতান্ত্রিক সরকারগুলো হাজার কোটি টাকা প্রকল্পের দিকে বেশি মনোনিবেশ করে। দুনিয়ায় এমন দেশ খুঁজে পাওয়া যাবে না, যেখানে এ ধরনের শাসকেরা এই পথে যান না। কিন্তু এ পথে গিয়ে কোনো দেশেরই উন্নতি হয় না। আর্থিক মানদণ্ডে কিছু দেশ উন্নতি করেছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে মাথাপিছু আয় ১৫ হাজার ডলার ছিল। কিন্তু এখন সেই দেশগুলো নরক হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার বলেন, বাংলাদেশের মানবাধিকার কর্মীদের দীর্ঘদিনের প্রচারণা ও দাবির পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর অধীনে পুলিশের জবাবদিহি নিশ্চিতকরণ আইনটি করা হয়। কিন্তু আইনটির ব্যবহার কম হচ্ছে। বরং পুলিশের পক্ষ থেকে এ আইনটি রহিত করার দাবি জানানো হয়েছে।
শিরিন হকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।