'যাইমেন কোনটে, সউগটে পানি আর পানি'

চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনেশ্বরী নদীর পানি উপচে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়নটির কাশিগঞ্জ গ্রামে বাড়িঘরে এখন কোমরপানি। গতকাল সোমবার বৃষ্টি কমলেও সেখানে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে ইঞ্জিনচালিত নৌকায় করে ওই গ্রামে পৌঁছান এ প্রতিবেদক। নদের পানি উপচে গ্রামে ঢুকছে। অধিকাংশ বাড়িতে লোকজন নেই। যাঁরা আছেন, তাঁরাও বাড়িঘরের জিনিসপত্র ও গবাদিপশু নিয়ে উঁচু স্থান ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইতিমধ্যে এহিয়াগঞ্জ দাখিল মাদ্রাসায় পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে গরু-ছাগল আর বন্যার্ত মানুষ গিজগিজ করছে। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় হাসান আলী ও তাঁর পরিবারের সদস্যরা একটি খোলা নৌকার ওপর বসে রয়েছেন। নৌকায় তাঁর স্ত্রী সহিদা বেগম ভুট্টা ও ধান শুকাচ্ছিলেন। বললেন, ‘যাইমেন কোনটে। সউগটে পানি আর পানি। ছইল-পইল নিয়া নৌকাতে আছি দুই দিন থাকি।’
গ্রামের ভেতর দিয়ে কোমরপানি ভেঙে যাওয়ার সময় একজন বললেন, ‘ওই যে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি যাচ্ছেন। ওনাকে ধরেন তো, হামার কষ্টোত ক্যায়োঁ দেকপার আসপে কি না?’ জানা গেল, তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ফজলুল হক। নিজেই এলেন। বললেন, ‘এমপিকে (সাংসদ) ফোন দিছলাম, ধরে না। কী আর বলব? আমার যা আছে তাই দিব।’ পানিবন্দী কয়েকজন তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। গৃহবধূ আরজিনা বেগম (৩৫) বলেন, ‘ভোটের সমায় তো খুব সুয়াতি ঢালেন। এ্যালা কাঁয়ো আইসে না ক্যান? তিন দিন থাকি পানিত পড়ি আছি। কাইল তাকি ভাত খাই নাই। হামরা খাবার চাই না। এমপি মেম্বার-চেয়ারম্যান আসিয়া একনা তো সান্ত্বনা দিবার পায়।’
গ্রামের পাশে এহিয়াগঞ্জ দাখিল মাদ্রাসায় গ্রামের অর্ধশত পরিবার আশ্রয় নিয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, বারান্দায় পানি ছুঁই ছুঁই। গৃহবধূ আরজু বেগম বললেন, বাড়িত এক কমোর পানি। দুই দিন থাকি খাবার নাই। চকরিয়া ভোট নেয়। এ্যালা যদি ওঁরা না দেখে গরিব মানুষগুলা বাঁচি কেমন করে। হামাক দেখপার তো কাঁয়ো আইসোচে না।’
মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব ওই মাদ্রাসায় সপরিবারে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘এখানে মানুষের কোনো সমস্যা নেই।’ এ কথা শুনে তাঁর স্ত্রী জয়নব বেগম ক্ষেপে ওঠেন। বলেন, ‘এখানে আশ্রয় নেওয়া সবাই খেয়ে না-খেয়ে আছেন। ও (স্বামী) আওয়ামী লীগের দল করি অন্ধ হয়া গেইছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের তথ্যানুযায়ী, বদরগঞ্জ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্র ২০টি। সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কালুপাড়া ইউনিয়নের বরাইবাড়ি ও পৌরসভার মুন্সিপাড়া গ্রামে যমুনেশ্বরী নদের বাঁধ হুমকির মুখে পড়েছে।
পিআইও গোলাম কিবরিয়া মুঠোফোনে বলেন, ‘সরকারিভাবে ১০ টন জিআর বরাদ্দ পেয়েছি। এগুলো ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হবে। দুই লাখ টাকা বরাদ্দ চেয়েছি। ওই টাকায় খাবার বিতরণ করা হবে।’