'যাইয়েন না, সামনে মোবাইল কোর্ট'

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতু পার হয়ে কিছুদূর এগোতেই মহাসড়কের পাশে দাঁড়ানো এক ব্যক্তি হাত নেড়ে চিৎকার করে বললেন, ‘যাইয়েন না, সামনে মোবাইল কোর্ট।’ মোটরসাইকেল থামিয়ে তাঁর কাছে গেলে তিনি জানালেন, তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। সামনে ভ্রাম্যমাণ আদালত বসতে দেখে তিনি ঘুরে এসেছেন। এখন সবাইকে সতর্ক করছেন।
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো অভিযান চলেছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর কাছে ভ্রাম্যমাণ আদালত বসায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই ভ্রাম্যমাণ আদালতের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে দেখা মেলে ওই অটোরিকশাচালকের। ভ্রাম্যমাণ আদালতের খবর দ্রুত পৌঁছে যায় গাবতলীতে, কমে যায় বাস চলাচল।
গতকাল বিআরটিএ রাজধানীর বাড্ডার প্রগতি সরণি, কাঁচপুর ও সোনারগাঁয়েও ভ্রাম্যমাণ আদালত বসায়। এই চারটি ভ্রাম্যমাণ আদালত ৬৬টি যানবাহনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন। দুটি যানকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত ৮৪টি ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি খুলে নেন।
আমিনবাজারের সালেহপুর সেতুর কাছে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এ সময়ে ৪৫টির মতো যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি যানবাহনের কাছ থেকে ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয় ও একটি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়। ওই ২৭টি যানের মধ্যে ২০টির বিরুদ্ধেই আগে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
ডাম্পিংয়ে পাঠানো একটি গাড়ির চালক মো. মনির জানান, গাড়িটি আমিনবাজার থেকে সাভার-ভাকুর্তা ইত্যাদি পথে যাত্রী বহন করে। এ পথে এ রকম অন্তত ১০০ গাড়ি (কার) যাত্রী বহন করে, যেগুলোর কোনো কাগজপত্র নেই। পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে গাড়ি চালানো হয়। তাঁর কাছে এক পুলিশ সদস্যের ছবিসহ লেমিনেটিং করা আবেদনপত্র দেখা গেল। এতে ওই পুলিশ সদস্য গাড়িটিকে নিজের দাবি করে সহকর্মীদের প্রতি গাড়ির চালককে সাহায্য করার আবেদন জানিয়েছেন। ওই কাগজ ছাড়া ৭০০ সিসির লক্কড়-ঝক্কড় সুবারু গাড়িটির আর কোনো কাগজ নেই।
দুজন চালকের কাছে ভুয়া লাইসেন্স পাওয়া গেছে। নাবিল পরিবহনের দিনাজপুরগামী একটি বাসের চালক মোহাম্মদ আলীর লাইসেন্সকেও ভুয়া বলে চিহ্নিত করেন আদালত। মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তিনি দুই যুগের বেশি সময় ধরে বাস চালাচ্ছেন। সাড়ে সাত হাজার টাকা দিয়ে বিআরটিএ থেকে লাইসেন্স করিয়েছেন। এখন তারা ভুয়া লাইসেন্স দিলে তিনি কী করবেন।
গাড়ি চলাচল বন্ধ, দুর্ভোগ: মেয়েকে নিয়ে আজিমপুর থেকে সাভারের ব্যাংক টাউনে যাওয়ার জন্য শুভযাত্রা পরিবহনের মিনিবাসে উঠেছিলেন আজিজুল ইসলাম। কিন্তু সালেহপুর সেতুর গোড়ায় এসে মিনিবাসটি ভ্রাম্যমাণ আদালতের ভয়ে সব যাত্রী নামিয়ে ঘুরিয়ে চলে যায়। অন্য বাস পাওয়ার আশায় মেয়েকে নিয়ে রিকশায় করে হেমায়েতপুরের দিকে রওনা দেন আজিজুল। তাঁদের মতো অনেককে রিকশায়, ভ্যানে যেতে দেখা যায়। হেঁটেও যান অনেকে।
আদালত বসার খবর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে পৌঁছালে ওই পথে বাস চলাচল কমে যায়। পাটুরিয়া, মানিকগঞ্জ, ধামরাই, সাভার ইত্যাদি গন্তব্যের বাসগুলোর চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অনেক মানুষ। আমিনবাজার সেতুর গোড়ায় অনেকে দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় ছিলেন।