'যাকে যেখানে পদায়ন করা হয় সেখানে কাজ করতে হবে'
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাকে যেখানে পদায়ন করা হয়, সেখানে কাজ করতে হবে।
গতকাল শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মস্থলে না যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার জন্য জেলা কর্মকর্তাদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, সিভিল সার্জন অনুপ দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা।
আলোচনা সভার আগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।