'যানজট জাতীয় সমস্যা, সড়ক দুর্ঘটনা জাতীয় দুর্ভাবনা'
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যানজটকে জাতীয় সমস্যা ও সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্ভাবনা উল্লেখ করে বলেছেন, এসব সমস্যা সমাধানে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
রাজধানীর গুলিস্তান এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনারোধে গণসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি চালকসহ সর্বস্তরের যাত্রীদের মধ্যে গণসচেতনতামূলক প্রচারপত্র ও স্টিকার বিতরণ করেন।
মন্ত্রী বলেন, সড়ককে অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি ফুটপাতমুক্ত করার বিষয়টিও নজরে রয়েছে। এ ছাড়া পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে যানজট ও দুর্ঘটনারোধে সমন্বিত অভিযান চলবে বলে তিনি উল্লেখ করেন।
সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (প্রশাসন) মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নাট্যব্যক্তিত্ব মনির খান শিমুল, সংগীতশিল্পী এস আই টুটুল প্রমূখ। বিজ্ঞপ্তি।