‘যাবজ্জীবন শাস্তি থাকলে চালকেরা বেপরোয়া হতো না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৃত্যুর আগমুহূর্তে রক্তে ভেজা শরীর ছাড়া হামিমের আগের চেহারা মনে করতে পারি না।’ এ কথা শেষ হতে না হতে দর্শকসারিতে ডুুকরে কেঁদে ওঠেন স্বজনহারা আরও অনেকে। হামিমের মা সোনিয়া আর কিছু বলতে পারলেন না। ততক্ষণে মঞ্চে ওঠেন সন্তান হারানো আরেক মা সামিয়া আহমেদ। তাঁদের চোখের জল যেন প্রতিবাদের ভাষা হয়ে উঠল। তাঁদের দাবি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে।সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো এমন ২১টি পরিবার গতকাল বুধবার একত্র হয়েছিলেন জাতীয় জাদুঘরে ‘সড়ক দুর্ঘটনায় বিপর্যস্ত পরিবারবর্গ’ ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে। তাঁরা বিচার না পাওয়ার কথা শোনান সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের।সংসদ সদস্য ভবনের সামনে গাড়ির চাপায় নিহত মনোয়ার হোসেনের স্ত্রী জানালেন তাঁর গোছানো জীবন এলোমেলো হয়ে যাওয়ার কথা। তিনি বলেন, ‘এভাবে মানুষ-হত্যার শাস্তি তিন বছরের জেল! এটা কীভাবে হয়! ন্যূনতম যাবজ্জীবনের শাস্তির ভীতি থাকলে চালকেরা এত বেপরোয়া হতো না।’গত নভেম্বরে নিহত হন সাইফ আহমেদ। তাঁর খালা সংসদ সদস্য তারানা হালিম বলেন, ‘আমরা আইন মানি বলেই কি বারবার বিপর্যয়ের শিকার হব? জামিনযোগ্য অপরাধ করে যে চালক আমার সন্তানকে হত্যা করল, সে এখন জামিনে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। পৃথক আইন বা প্রচলিত আইন সংশোধন করে শাস্তি না বাড়ানো হলে এ হত্যা থামবে না। কারণ ওরা শান্তির ভাষা বোঝে না।’গাড়িচালক রুহুল আমিনের দেড় বছরের সন্তানকে পিষ্ট করেছে ঘাতক চালক। নিজের সন্তান হারিয়ে বুঝতে পেরেছেন, যিনি হারান কষ্টটা তিনিই বোঝেন। উপস্থিত স্বজন হারানোর প্রত্যেকের ক্ষোভ আর অভিযোগের শেষ নেই। একজন বললেন, ‘কী বলব। বলে তো বিচার পাওয়া যায় না।’ হামিমের মা সোনিয়া দ্বিতীয় দফা মঞ্চে উঠে পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের গত সপ্তাহে করা মন্তব্যের প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘পত্রিকায় জানতে পারলাম, পুলিশ কমিশনার বলছেন, হামিমের মা সেদিন ফুটওভারব্রিজ ব্যবহার করলে দুর্ঘটনা ঘটত না। আমি সেদিন ওভারব্রিজ দিয়েই রাস্তা পার হওয়ার পর রিকশার জন্য অপেক্ষা করছিলাম।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। তিনি চালকদের সচেতন করতে পুলিশের নেওয়া কার্যক্রমের সচিত্র তুলে ধরেন। বলেন, সড়ক দূর্ঘটনা সব দেশে আছে। কোথাও ফাঁসি বা যাবজ্জীবন দেওয়া হয় না। আইন কঠোর করলেই এটা বন্ধ হবে না, চালক ও জনগণকে সচেতন করতে হবে।পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহী থেকে চট্টগ্রাম যেতে একটি গাড়ির দুজন চালক প্রয়োজন। যে বেচারা টানা এক দিন গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন, তাঁকে একা দোষ দেওয়া উচিত হবে না। অনুষ্ঠানে পুলিশ কমিশনারের লেখা এ-সংক্রান্ত তিনটি নাটিকা প্রদর্শন করা হয়।সভাস্থলে হাজির হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহত হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য নিবন্ধনের ব্যবস্থা ছিল। আয়োজকেরা মনে করছেন, এতে করে পরস্পরের সঙ্গে যোগাযোগ এবং কোথায় কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সেটা জানা যাবে।নিবন্ধন পর্যালোচনায় দেখা গেছে, দুর্ঘটনায় শিকার এমন ২১ ব্যক্তির পরিবার এতে নাম লিখিয়েছেন। এঁদের মধ্যে একজন দুর্ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। বাকি ঘটনাগুলোয় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৪টি ঘটনায় মামলা হয়নি, পাঁচটি ঘটনায় মামলা হলেও অভিযোগপত্র হয়নি, আর দুটি ঘটনায় টাকা দিয়ে মীমাংসার কথা উল্লেখ করা হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসমা কিবরিয়া, সংসদ সদস্য আসমা জেরিন, রেডক্রিসেন্টের সভাপতি এম এস আকবর, গণমাধ্যম ব্যক্তিত্ব ম হামিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একরাম আহমেদ। তিনি নিহত সাইফ আহমেদের বাবা।