‘যার ওপর এসিড পড়িছে ওঁয় বুঝে যন্ত্রণা কেমন’
‘যার ওপর এসিড পড়িছে, ওঁয় বুঝে যন্ত্রণা কেমন। এসিড মারার পর থাকি এখনো বুঝেছি। যেইঠেনায় যাছি হামার দুঃখ-কষ্ট দেখি মানুষের কুণ্ঠে দয়া হবি? তা না! উল্টা কহে কি জানেন? তুই মেয়ে মানুষ, নিশ্চয় তোর কুনো দোষ আছে, নাহিলে আর কাহাকো ছাড়ি তোক কেনে এসিড মারিলি? তখন মনটা এখিরি (পুরোপুরি) বিষাই যায়, আর বাঁচি থাকিবা চাহে না।’এ আক্ষেপ এসিড-সন্ত্রাসের শিকার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা গৃহবধূ কামরুন নাহারের। এসিডে শারীরিক যন্ত্রণার পরও যে মানসিক যন্ত্রণা পোহাতে হয়, তার মর্মস্পর্শী বর্ণনা ফুটে উঠেছে তাঁর এ কথায়। গত সোমবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘এসিড সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা প্রদানকারী সংস্থার ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসিড সারভাইভরস ফাউন্ডেশন এবং আরডিআরএস যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আরডিআরএস দিনাজপুর কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব সরকার। এতে প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সামশুল আলম উপস্থিত হন। সভায় বক্তারা একটি বিষয়ে একমত হয়েছেন যে, জেলা প্রশাসন, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিচারক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে এসিড সহিংসতা দূর করা সম্ভব।