'যার মাঝে সততা ও মনুষ্যত্ব আছে, সে-ই আলোকিত মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘যার মাঝে সততা ও মনুষ্যত্ব আছে, সে-ই আলোকিত মানুষ। আমাদের মূল লক্ষ্য আলোকিত মানুষ গড়া। একজন শিক্ষার্থী আলোকিত হলে সে অন্য ১০ জনকে এবং ওই ১০ জন আরও ১০০ জনকে আলোকিত করতে পারবে।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত মন্তব্য করেন। জেলার সার্বিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ ব্যতিক্রম এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাবেশে আরেফিন সিদ্দিক আরও বলেন, ‘জিপিএ-৫-এর হিসাবে নয়, প্রকৃত অর্থেই শিক্ষার মান উন্নতি করতে হবে। সনদনির্ভর শিক্ষা নয়, আমরা সেই শিক্ষার পক্ষে, যে শিক্ষা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে।’
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, চুয়াডাঙ্গায় উচ্চশিক্ষায় সবচেয়ে বড় বাধা বাল্যবিবাহ। সারা দেশের মধ্যে বাল্যবিবাহে চুয়াডাঙ্গার অবস্থান দ্বিতীয়। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তির উপযোগী শতভাগ শিশু ভর্তি হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ওঠার পর থেকে ঝরে যাওয়া শুরু হয়। নবম-দশম শ্রেণিতে মেয়ে শিক্ষার্থীদের বড় অংশের পড়াশোনা বাল্যবিবাহের কারণে বন্ধ হয়ে যাচ্ছে।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আবদুস সালাম, পুলিশ সুপার রশীদুল হাসান প্রমুখ।