‘যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু’
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, যারা সাম্প্রদায়িক উসকানি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু।গতকাল শুক্রবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ওয়াছেক মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান খান এ কথা বলেন।নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কেরানীগঞ্জ সার্কেল এএসপি শহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নবাবগঞ্জ উপজেলার সভাপতি নিতাই চাঁদ তালুকদার।পরে উপজেলার ১৩১টি পূজামণ্ডপের প্রত্যেকটির মধ্যে সরকারি বরাদ্দের ৫০০ কেজি করে চাল, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বরাদ্দের এক হাজার টাকা, কল্যাণী ফাউন্ডেশনের এক হাজার টাকা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতির পক্ষ থেকে ৪০ কেজি করে চাল, পাঁচ কেজি ডাল, দুই কেজি তেল ও এক কেজি করে আদা বিতরণ করা হয়।