'যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তাদের সঙ্গে আপসের সুযোগ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে ধর্ম পালন ও পালন না করার সমান স্বাধীনতা আছে। সুতরাং যারা ধর্মহীনতার কথা বলে মানুষ হত্যা করে, তাদের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাগৃতি প্রকাশনীর প্রতিষ্ঠাতা ফয়সল আরেফিন দীপনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। দীপন স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, যাঁরা নিজেদের সমাজের অভিভাবক হিসেবে নিযুক্ত করেছেন, তাঁরা স্থির করেছেন যেসব মানুষকে তারা ধর্মহীন বা ধর্মবিরোধী বলে চিহ্নিত করে বা ধর্মহীনের প্রশ্রয়দাতা বলে মনে করে তাদেরই হত্যা করে। অনেক দিন পর্যন্ত এ ধরনের হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। রাষ্ট্রের ক্ষমতাসীন ব্যক্তিরা বলেছেন যে যেন মানুষের ধর্মানুভূতিতে আঘাত না দেওয়া হয়। যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিপরীতে এ উপদেশটাই অনেক দিন ধরে প্রাধান্য পাচ্ছে। তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করছি কবে দীপনের হত্যাকারীদের ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘দীপন প্রকাশনাকে দুই অর্থে শিল্পে পরিণত করতে চেয়েছিলেন। এ ব্যাপারে তাঁর আগ্রহ, উদ্দীপনা, অধ্যবসায় আমাদের মুগ্ধ করেছে। এই দীপনের হত্যার যে বিচার হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বসবাস করছি। আমাদের রাষ্ট্রে ও সমাজের কোনো স্তরে জবাবদিহি নেই।’
নিহত অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, দীপন শুধু নাম নয়। দীপন মুক্তচিন্তার প্রতীক। তিনি অভিজিৎ ও দীপন হত্যার চার্জশিট আদালতে উপস্থাপন করার দাবি জানান।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আজকের এই দিনে আমাদের ব্রত হওয়া উচিত আমরা যেন আমাদের দেশকে আরও সুন্দর দেশে পরিণত করতে পারি।’
দীপন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শিক্ষাবিদ মমতাজ উদ্দিন ভূইয়া, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ বক্তব্য দেন।