বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যকে অশালীন, অনাকাঙ্ক্ষিত ও শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রচার সম্পাদক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। তিনি বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যারা পরচুলা পরে চুল ফুলিয়ে মানুষকে দেখায়, তাদের চুলই উড়ে যাবে।’
এর আগে গতকাল বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগের দিনের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আন্দোলনের বাতাস শুরু হলে চুল তো থাকবেই না, অস্তিত্বেও টান পড়তে পারে। জনগণের আন্দোলনের বাতাসে চুল এলোমেলো হয়ে যাবে। দিশেহারা হয়ে যাবেন।’ আর আগের দিন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে তিনি সংবিধানের বাইরে এক চুলও নড়বেন না।
খালেদা জিয়ার বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘থুথু উপরের দিকে দিলে নিজের গায়েই পড়ে। খালেদা জিয়া যদি নিজের মাথার দিকে তাকাতেন, তাহলে এ ধরনের কথা বলতেন না।’ তিনি বিরোধী দলকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিরোধী দল রাষ্ট্র পরিচালনার একটি অংশ। আমরা চাই বিরোধী দল জঙ্গিবাদ, সন্ত্রাস, যুদ্ধাপরাধীদের ত্যাগ করে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।’
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।: