'যারা বলে গডফাদার, তাদের হবে বিচার এবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান নির্বাচনী প্রচারণা শুরুর আগেই গতকাল মঙ্গলবার বিশাল সমাবেশ করেন। সমাবেশে ‘যারা বলে গডফাদার, তাদের হবে বিচার এবার’, ‘রং-বেরঙের দালালেরা হুঁশিয়ার-সাবধান’ ইত্যাদি উসকানিমূলক স্লোগান দেওয়া হয়।
সমাবেশে শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী খোকন সাহা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

‘অবরোধের নামে গণহত্যা ও জাতীয় সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ব্যানারে ওই সমাবেশটি হয় নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
প্রথম আলোর নাম বিকৃতভাবে উচ্চারণ করে শামীম ওসমান বলেন, ‘এই পত্রিকা আমারে গডফাদার বানাইয়াই ছাড়ব। আমার বাথরুম হয় না, পারলে এডাও নিউজ করে।’

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল, জেলা মহিলা লীগের সভাপতি শিরীন বেগম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগ ছাড়া ১৪ দলের শরিক অন্য কোনো দলের নেতারা উপস্থিত ছিলেন না।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান এখন এ আসনে একমাত্র বৈধ প্রার্থী। তাঁকে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা এখন শুধু সময়ের ব্যাপার। নিজের বিজয়কে উদ্যাপন করতে শামীম ওসমান ওই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বাস ও ট্রাকে করে লোক আনা হয়।