'যারা ভুটের লিগা আইবো না, তারাই আমাগো খুঁজ নেয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে হতাহত ও নিখোঁজ শ্রমিকদের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সাভার বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংহতি সমাবেশের আয়োজন করা হয়।

শিক্ষা-উপকরণ পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে রানা প্লাজার ভবনধসে আহত পোশাকশ্রমিক বিউটি বেগম বলেন, ‘গত নির্বাচনে আমরা এক জুট অইয়া মুরাদ জংরে (তালুকদার তৌহিদ জং মুরাদ) ভুট দিয়া এমপি বানাইলাম, হ্যায় আমাগো কোনো খুঁজই নিলো না। আর যারা কোনো দিন ভুটের লিগা আইবো না, তারাই আমাগো খুঁজ নেয়, আবার সাহায্যও দেয়।’
সমাবেশ বক্তারা বলেন, রানা প্লাজা ধসের পর ছাত্রফ্রন্ট সারা দেশে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে ‘অভিমত’ নামের একটি বুলেটিন বিক্রি থেকে সংগৃহীত অর্থে ‘শিক্ষা সহায়তা তহবিল’ গঠন করে। এই তহবিল থেকে হতাহত ও নিখোঁজ শ্রমিকদের ১০০ জন ছেলে-মেয়েকে খাতা, কলম, ব্যাগ, জ্যামিতি বক্স কিনে দেওয়া হয়। এ ছাড়া পোশাক তৈরির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে নগদ দেওয়া হয় ৫০০ টাকা।
মডেল একাডেমির নার্সারির শিক্ষার্থী হূদয় শিকদারের মা রানা প্লাজার আহত পোশাকশ্রমিক খালেদা বেগম বলেন, ‘আমরা আর কারও কাছে হাত পাততে চাই না, সরকার আমাদের কাজ দিক।’
সমাবেশে মাহমুদুজ্জামান বাবু বলেন, ‘দেশে শ্রমিক শ্রেণীর সংখ্যা বেশি। মালিকেরা সংখ্যায় কম হলেও রাষ্ট্র ও সরকার তাদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকে। এ কারণেই শ্রমিকেরা শোষণের শিকার হচ্ছেন।’
‘সমকাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান বলেন, দেশের মালিক জনগণ। কিন্তু দেশ যাঁরা চালান, তাঁরা জনগণের কথা ভাবেন না। তিনি বলেন, ‘যে পোশাকশ্রমিকদের শ্রমে ও ঘামে দেশের উন্নয়ন হচ্ছে, তাঁরাই উপযুক্ত পারিশ্রমিক পান না। এটা দুঃখজনক।’
সমাবেশ শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করেন অতিথিরা। সমাবেশে বক্তব্য দেন ‘সমকাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হাবিব, গণসংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার উপজেলা কমিটির সভাপতি সৌমিত্র দাস ও উদ্ধারকর্মী ঝন্টু মণ্ডল।