‘যারা মিছিলে নিয়ে গেছে তারাই খুনি’
সিলেটে গত শুক্রবার ধর্মভিত্তিক কয়েকটি দলের বিক্ষোভ মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মোস্তফা মোর্শেদ তাহমিদ (১৮)। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মোস্তফা মোর্শেদ সিলেট এমসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তাঁর বাবা নূরুল মোস্তফা জালালাবাদ গ্যাস কোম্পানিতে চাকরি করেন। দুই ভাইয়ের মধ্যে মোস্তফা মোর্শেদ ছিলেন বড়। প্রতিদিনের মতো গত শুক্রবার হাউজিং এস্টেট জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেননি তিনি। রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি গুলিতে মারা গেছেন। শুক্রবার রাতে নূরুল মোস্তফার সঙ্গে কথা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। কথা বলার শক্তিও যেন ছিল না তাঁর গলায়। অস্ফুট স্বরে সবার কাছে তাঁর মিনতি, ঘটনাটি যেন রাজনৈতিকভাবে না দেখা হয়। তিনি বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতি করে না। মেধাবী ছাত্ররা রাজনীতি করতে পারে না।’গতকাল বিকেলে মোস্তফা মোর্শেদের লাশ যখন শেষবারের মতো নিজ বাসায় নিয়ে যাওয়া হয়, তখন পুরো হাউজিং এস্টেট এলাকার মানুষ ছিল শোকে স্তব্ধ। স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ঘরের ছেলেরে মসজিদ থেকে যারা মিছিলে নিয়ে গেছে, আসল খুনি তারাই। তারারও বিচার হওয়া চাই।’ মোস্তফা মোর্শেদের এক আত্মীয় বলেন, ‘মিছিলকারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করা নিয়ে সংঘর্ষ বাধে। ঘটনাস্থল সেটিই। কিন্তু মোস্তফা মোর্শেদের দেহ পড়ে ছিল শহীদ মিনার থেকে প্রায় ২০০ গজ দূরে। মিছিলে সে কীভাবে গেল, কারা নিল—এসবের তদন্তের পাশাপাশি মৃত্যু নিয়ে তদন্ত হওয়া দরকার।’ শিক্ষক ছালামের দাফন সম্পন্ন: ঝিনাইদহে শুক্রবার সংঘর্ষে নিহত মাদ্রাসাশিক্ষক আবদুল ছালাম বিশ্বাসের লাশের দাফন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। রাজবাড়ী জেলার সদর উপজেলার বারলাহুরিয়া গ্রামের নিজ বাড়ির কবরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হয়। শুক্রবার রাত ১২টার দিকে তাঁর লাশ বাড়িতে আনা হয়। নিহত ছালামের ছোট ভাই আবদুল জলিল বিশ্বাস বলেন, তাঁর ভাই ছাত্রজীবনে ছাত্রশিবিরের সঙ্গে এবং কর্মজীবনে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।পলাশবাড়ীতে নিহতদের পরিচয় মিলেছে: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পলাশবাড়ী উপজেলার মহেশপুর গ্রামের শিবিরের কর্মী মজনু মিয়া ও একই উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের আবু ইউসুফ। ইউসুফ মহদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত ব্যক্তিদের গায়েবানা জানাজা গতকাল বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিবিরের নিহত কর্মী মজনু মিয়ার বাবা রিকশাচালক মুনছুর আলী অশ্রুসিক্ত চোখে বলেন, ‘আমার ছেলে পার্টি করে। সে কোনো দোষ করে নাই। আমার ছেলের মতো আর কেউ যেন এভাবে মারা না যায়।’পুলিশ গতকাল সন্ধ্যায় নিহত ব্যক্তিদের লাশ কড়া নিরাপত্তায় গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। রাতেই তাঁদের দাফন সম্পন্ন হয়। নিহত আবু ইউসুফের বড় ভাই বাবুল মিয়া বলেন, পুলিশের গুলিতে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। এদিকে পাবনায় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে গতকাল সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা হলেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধর্মগ্রাম গ্রামের আলাল আমিন (২০) ও হরি নারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলাম (২৩)। তাঁরা জামায়াতের কর্মী বলে দলটির জেলা কমিটি দাবি করেছে। [প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, পাবনা অফিস, গাইবান্ধা ও রাজবাড়ী প্রতিনিধি]