বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল। সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায়, তারা দেশ ও সেনাবাহিনীর ১ নম্বর শত্রু। গতকাল বুধবার সকালে হরতালবিরোধী সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এই মন্তব্য করেন।নগরের দারুল ফজল মার্কেট সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সরকারের বিরুদ্ধে সামরিক বাহিনীকে প্রকাশ্যে উসকে দিচ্ছেন খালেদা জিয়া। এতে কোনো লাভ হবে না।’ মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশজুড়ে পরিকল্পিত নাশকতার পেছনে বেগম জিয়ার ইন্ধন রয়েছে। সিঙ্গাপুর থেকে ফিরেই তিনি নাশকতার উসকানি দিয়েছেন। সহিংসতার দায়ভার তাঁকেও নিতে হবে।’ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান।এদিকে হরতালের প্রতিবাদে বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজনে অন্য একটি সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নগরের বাইরে থেকে কিছু লোক এসে সন্ত্রাস করছে। জনগণকে বলছি, নির্ভয়ে থাকুন। যারা সন্ত্রাস করবে তাদের হুঁশিয়ার করছি। কথা না শুনলে শক্তি প্রয়োগে বাধ্য হব।’ এ ছাড়া জেলা পরিষদ মার্কেট চত্বর, হালিশহর, বন্দর, আগ্রাবাদসহ নগরের ২৩টি পয়েন্টে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে নগর আওয়ামী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ।