‘যারা হরতাল দেয় তাগর তো ভাতের চিন্তা নাই’
‘যারা হরতাল দেয় তাগর তো বাড়ি-গাড়ি সবই আছে। তাগর তো ভাত-কাপড়ের চিন্তা নাই। তাই মন চাইলেই হরতাল দেয়। কিন্তু আমরা তো গরিব মানুষ। সারাক্ষণ পেটের চিন্তা করতে হয়। দুই দিনের হরতাল, ঢাকা থাইক্যা রড-সিমেন্টের কোনো ট্রাক আসতাছে না। তাই কোনো কাজকামও নাই। কাজ না থাকলে মালিক তো আমগরে টেহা দিব না। আমগর মতো গরিব মাইনষের সংসার কেমনে চলব, তা হরতাল যারা ডাকে তারা বুঝে না।’ ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল মঙ্গলবার দুপুরে এভাবেই ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলছিলেন দিনমজুর মো. শামসউদ্দিন (৪৫)। তিনি শেরপুর জেলা শহরের মুন্সিবাজারের একটি রড-সিমেন্টের দোকানে শ্রমিকের কাজ করেন। জানালেন, সারা দিন কাজ করে মালিক যে মজুরি দেন তা দিয়েই কোনোমতে চারজনের সংসার চালান। স্বাভাবিক কর্মদিবসে ২০০ থেকে ৩০০ শত টাকা মজুরি পেলেও মঙ্গলবার কোনো মজুরি পাননি। হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়েন পরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। তাঁদেরই একজন মোহামঞ্চদ আলী (৩০)। বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। ঢাকা-শেরপুর মহাসড়কে চলাচলকারী ড্রিমল্যান্ড পরিবহনের তিনি একজন চালকের সহকারী। হরতালে বাস চলাচল বন্ধ। তাই নবীনগর বাস টার্মিনালে বসে অলস সময় কাটাচ্ছিলেন। তিনি বলেন, ‘হরতালে গত মাসে ১১ দিন গাড়ি চলে নাই। এই মাসে এর আগে সাত দিন হরতাল হইছে। অহন আবার দুই দিনের হরতাল চলতাছে। ফলে গাড়ি বন্ধ। গাড়ি বন্ধ থাকলে মালিক তো খোরাকির টাকা দেয় না। এভাবে চললে পাগল হইয়া যামু। আমরা এমন হরতাল চাই না, যেই হরতালে আমরার কামাই-রোজগার বন্ধ হইয়া যায়। বউ পোলাপান লইয়া খাইয়া না খাইয়া থাকতে হয়।’ শেরপুর শহরের পরিবহন মালিক তাপস রায় বলেন, ‘গাড়ি কিনতে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। এভাবে দিনের পর দিন গাড়ি বন্ধ থাকলে ব্যাংকের ঋণ শোধ করব কীভাবে? এমন অবস্থার অবসান চাই।’ শহরের মুন্সিবাজার এলাকার ব্যবসায়ী রতন কর্মকার (৬০) বলেন, ‘হরতালের জন্য চোখের অস্ত্রোপচার করাতে ঢাকায় যেতে পারছি না। একে তো যানবাহন নেই। তার ওপর ঢাকায় গিয়ে কোন বিপদে পড়ি, তাই রাজধানীতে যাওয়ার সাহস পাচ্ছি না।’ শেরপুর বণিক সমিতির সভাপতি গোলাম মোহামঞ্চদ কিবরিয়া বলেন, হরতালে সাধারণ মানুষের নৈতিক সমর্থন নেই। কিন্তু হরতালে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার কারণে শ্রমজীবী সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার ও বিরোধী দলকে সংলাপের মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান জানান তিনি।