'যুক্তরাজ্যের ভ্রমণ ভিসার ক্ষেত্রে বাংলাদেশিরা বৈষম্যের শিকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের আগের মতো যুক্তরাজ্য ভ্রমণের ভিসা দেওয়া হচ্ছে না। এ ভিসা পাওয়ার সব মানদণ্ড পূরণ করা সত্ত্বেও বৈষম্য করা হচ্ছে।
গতকাল রোববার বিকেলে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল যুক্তরাজ্যের হবিগঞ্জ শাখা আয়োজিত সভায় এ অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংগঠনের হবিগঞ্জ শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল কাইউম কয়সর। প্রধান অতিথি বলেন, প্রায় এক বছর হতে চলছে যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্র ঢাকা থেকে ভারতের দিল্লিতে নেওয়া হয়েছে। সেখানে স্থানান্তরের পর থেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। বিশেষ করে সিলেটের লোকজন এ সমস্যায় পড়ছেন। এ বিষয়ে যুক্তরাজ্যপ্রবাসীরা আন্দোলন করছেন। এর সঙ্গে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে হবে।
সভায় সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে রূপান্তর এবং এ পথে ট্রেন যোগাযোগ ভালো ও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ, আইনজীবী রুহুল হাসান শরীফ, মিলন আহমেদ, আবদুল কাইউম, মো. আবুল ফজল প্রমুখ।