'যুক্তিতে মুক্তি' স্লোগানে শুরু বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল আল–রাজ্জাকে প্রথম আলো–পুরান ঢাকা বিতর্ক উৎ​সব নিয়ে মতবিনিময় সভার একাংশ l ছবি: প্রথম আলো
হোটেল আল–রাজ্জাকে প্রথম আলো–পুরান ঢাকা বিতর্ক উৎ​সব নিয়ে মতবিনিময় সভার একাংশ l ছবি: প্রথম আলো

‘যুক্তিতে মুক্তি’ স্লোগান নিয়ে প্রথম আলোর আয়োজনে পুরান ঢাকার স্কুলগুলোর শিক্ষার্থীদের নিয়ে দিনভর বিতর্ক প্রতিযোগিতা হতে যাচ্ছে আগামী ৬ আগস্ট। পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আইইআর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার পঞ্চমবারের মতো হবে ‘প্রথম আলো-পুরান ঢাকা বিতর্ক উৎসব-২০১৬’। এতে পুরান ঢাকার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
বিতর্ক উৎসবের প্রস্তুতি পর্বে গতকাল শনিবার পুরান ঢাকার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মতবিনিময় করেন। নর্থ সাউথ রোডের আল-রাজ্জাক হোটেলে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
মতবিনিময়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রম অনুসরণ করা জরুরি। তবে এর বাইরেও একটি বিশাল জগৎ রয়েছে। সেই জগৎ খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংগীত, সংস্কৃতির জগৎ। এর সঙ্গে জড়িত হওয়াটাও খুব জরুরি। বেশি বেশি বই পড়তে হবে। এখন যে অস্থির সময় চলছে—জঙ্গিবাদ, মাদকের ভয়াবহ বিস্তার—এসব থেকে রক্ষা করে ভবিষ্যতের জন্য ছেলেমেয়েদের যোগ্য করে গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে বিতর্ক একটি বড় ভূমিকা রাখতে পারে। বিতর্কচর্চার ভেতর দিয়ে তারা যুক্তি-বুদ্ধির অনুশীলন করতে আগ্রহী হবে। তাদের মধ্যে পরমতসহিষ্ণুতা সৃষ্টি হবে। সেই লক্ষ্য থেকেই প্রথম আলো এই বিতর্ক উৎসবের আয়োজন করে আসছে।
শিক্ষকেরা প্রথম আলোর এই উদ্যোগকে অভিনন্দন জানান। তাঁরা পুরান ঢাকায় প্রতিবছর নিয়মিতভাবে এই বিতর্ক উৎসব আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক উৎসব আয়োজনেরও অনুরোধ জানান। শিক্ষকেরা বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই মাঠ নেই। মাঠের অভাবে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না। পুরান ঢাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চাও নিয়মিত হয় না। ফলে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানসিক উৎকর্ষ বিকাশের সুযোগ প্রায় নেই বললেই চলে। এ কারণে তাদের মাদকাসক্তি বা জঙ্গিবাদের প্রভাবে পড়ার আশঙ্কা থেকেই যায়। এর পাশাপাশি তাঁরা সরকারি স্কুলগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সময় নির্ধারণ করার বিষয়টি তুলে ধরেন। কারণ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) স্কুলের প্রতিদিনের কার্যক্রমের সময় বণ্টনে পাঠ্যক্রমের বাইরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কোনো সময় নির্ধারণ করে দেয়নি।
শিক্ষকেরা নিয়মিত বিতর্কচর্চার জন্য স্কুলগুলোতে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিতর্কের বিষয়, পদ্ধতি, তথ্যসহায়ক গ্রন্থের তালিকা সংবলিত একটি বই প্রকাশ এবং বিতর্ক নিয়ে ডিজিটাল মাধ্যমে তথ্য-উপাত্ত দেওয়ার আহ্বান জানান।
মতবিনিময়ে অংশ নেন নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজনীন আক্তার, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলের জুলিয়ানা শেফালী গোমেজ, আনন্দময়ী বালিকা বিদ্যালয়ের আফরোজা নাজনীন, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মুহম্মদ মনিরুজ্জামান, নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের বুলবুল আহমেদ, ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের হারুন অর রশিদ, ঢাকা গভ. মুসলিম হাইস্কুলের ওয়াহিদ-উজ-জামান, গেন্ডারিয়া স্কুলের মতিউর রহমান, সালেহা স্কুল অ্যান্ড কলেজের খায়রুল কবির, ঢাকা কলেজিয়েট স্কুলের নাজমুল হক খান, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মনির হোসেন, ভিকারুন নিসা নুনের (আজিমপুর) শামসুন আরা সুলতানা, রহমতুল্লাহ মডেল হাইস্কুলের গাউসুল হক প্রমুখ।
শিক্ষকদের অভিমতের ভিত্তিতে মূল উৎসবের আগে অংশগ্রহণকারী স্কুলগুলোকে নিয়ে এক দিনের কর্মশালার আয়োজন করা হবে। একেকটি কেন্দ্রে আশপাশের কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে গুচ্ছ আকারে এই কর্মশালা হবে। আগামী ৩ আগস্ট সকাল ১০টায় কর্মশালা হবে পোগোজ স্কুল, নবকুমার ইনস্টিটিউট, নবাবপুর উচ্চবিদ্যালয় ও রহমতউল্লা মডেল হাইস্কুলে। গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ে কর্মশালা হবে ৪ আগস্ট।
মতবিনিময়ে প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান বলেন, বিতর্ক নিয়ে বই প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া উৎসবের আগেই একটি মডেল বিতর্কের ভিডিও ইউটিউবে দেওয়া হবে। এ সময় প্রথম আলো বন্ধুসভার জাতীয় নির্বাহী পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন উপস্থিত ছিলেন।