'যুক্তিবাদিতাই সমাজকে পরিবর্তন করতে পারে'

বিতর্ক শক্তিশালী একটি মাধ্যম। বিতর্ক হচ্ছে যুক্তির চর্চা। যুক্তিবাদিতাই একটি সমাজকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে পারে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তিন দিনব্যাপী ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে দৃষ্টি চট্টগ্রাম ও রোটারি ক্লাব অব চিটাগাং।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘সমাজকে পরিবর্তন করতে পারে যুক্তিবাদিতা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমরা যুক্তিবাদী আচরণ করি না। যেমন চট্টগ্রামে অনেক দৃশ্যমান উন্নয়ন হচ্ছে, কিন্তু এর সুফল যারা ভোগ করবে তাদের যুক্তিসংগত মতামত উপেক্ষিত হয়েছে। এতে পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হচ্ছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, বিতর্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণ সিদ্ধান্ত নিচ্ছে কে হবেন তাদের পরবর্তী প্রেসিডেন্ট। এ থেকেই বোঝা যায়, বিতর্ক কতটা শক্তিশালী মাধ্যম।
রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি আশিক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোগ ফ্যাশন ইনস্টিটিউটের অধ্যক্ষ মনসুর আলম, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল ও সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মুন্না।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের ১৬টি বিদ্যালয় ও দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার ভেন্যু পার্টনার চিটাগাং সানশাইন কলেজ। আগামীকাল শনিবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে।