‘আমার মুক্তি আলোয় আলোয়’—স্লোগানে দুই যুগ পূর্তি উৎসব পালন করেছে বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রাম। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ২৪ জন বিশিষ্ট ব্যক্তি প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়শা খান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া ও সাফিয়া গাজী রহমান। ওয়াসিকা আয়শা খান বলেন, ৭০ ভাগ তরুণের দেশ এই বাংলাদেশ। তরুণেরাই এ দেশের আশা ও সম্পদ। দৃষ্টি চট্টগ্রাম তরুণ প্রজন্মকে যুক্তিবাদী হতে শেখাচ্ছে। যারা যুক্তিবাদী তারা কুসংস্কারাচ্ছন্ন হয় না, তারা মানবিক হয়। দৃষ্টি চট্টগ্রামের মতো আরও অনেক সংগঠনের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, সারা দেশে বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়ে তুলতে চান তাঁরা।
অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি, মূকাভিনয় ও প্রীতি বিতর্কে অংশ নেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, প্রমা আবৃত্তি সংগঠন, সাদার্ন বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা।