'যুক্তিবোধের অভাবে তৈরি হয় অসহিষ্ণুতা'
বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। আর যুক্তিবোধ মানুষকে শেখায় সহিষ্ণুতা। সমাজের সবখানে সুস্থ বিতর্কের চর্চা ছড়িয়ে দিতে হবে। বিতার্কিকেরা কখনো বিপথে যেতে পারে না।
আজ বৃহস্পতিবার রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল। বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রাম এই প্রতিযোগিতার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। সততা, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। সহনশীলতা বাড়াতে হবে। তরুণ প্রজন্ম যাতে জঙ্গিবাদের মতো বিপথে যেতে না পারে, সে জন্য আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধনগুলোকে সুদৃঢ় করতে হবে।’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা ছাড়া জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়—উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার গভীর চক্রান্তের অংশ এটি। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। দলমত–নির্বিশেষে সবাইকে, বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লিদের এটি মোকাবিলায় এগিয়ে আসতে হবে। কারণ, ধর্মের নাম করেই কিছু তরুণকে বিপথে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল বলেন, যুক্তিবোধের অভাবে সমাজে অসহিষ্ণুতা তৈরি হয়। বিতর্ককে ভালোবাসতে হবে, সবখানে এর আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থী ও বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, জনপ্রিয়তার দিকে তাকাবে না। অধ্যয়নের মধ্যে থাকবে। মনে রাখবে, ইন্টারনেট তথ্য দেয়, কিন্তু প্রজ্ঞা দেয় না। এ জন্য সব সময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। বিশ্বায়নের কারণে একই সঙ্গে বাংলা ও ইংরেজির চর্চা চালিয়ে যেতে হবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব অনুষ্ঠানে বলেন, তরুণদের নিয়েই এখন পুরো জাতি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। যুক্তি ও বিতর্কের শাণিত তির দিয়ে এসব অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি) ইকরাম কবির, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল প্রমুখ।
আয়োজকেরা জানান, ২৭ আগস্ট পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চট্টগ্রাম নগরের ৩২টি, চট্টগ্রাম জেলার ১৬টি, রাঙামাটি জেলার ১৬টি ও কক্সবাজার জেলার ১৬টি দল অংশ নিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে।