বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়, আর যুক্তিবোধ মানুষকে শেখায় সহিষ্ণুতা। সমাজের সবখানে সুস্থ বিতর্কের চর্চা ছড়িয়ে দিতে হবে। বিতার্কিকেরা কখনো বিপথে যেতে পারে না।
গতকাল বৃহস্পতিবার রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। বিতর্ক ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রাম এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ‘শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে; সততা, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। সহনশীলতা বাড়াতে হবে। তরুণ প্রজন্ম যাতে জঙ্গিবাদের মতো বিপথে যেতে না পারে, সে জন্য আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধনগুলোকে সুদৃঢ় করতে হবে।’ অনুষ্ঠানে অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, যুক্তিবোধের অভাবে সমাজে অসহিষ্ণুতা তৈরি হয়। বিতর্ককে ভালোবাসতে হবে, সবখানে এর আলো ছড়িয়ে দিতে হবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব অনুষ্ঠানে বলেন, তরুণদের নিয়েই এখন পুরো জাতি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। যুক্তি ও বিতর্কের শাণিত তির দিয়ে এসব অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুঠোফোন কোম্পানি রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল প্রমুখ।