'যুদ্ধ শেষে' টিকিট পাওয়ার তৃপ্তি

কমলাপুর রেলস্টেশনের মেঝেতে খবরের কাগজে পেতে শুয়ে-বসে সারা রাত কেটে যায়। শত শত মানুষ। এ যেন এক যুদ্ধ। টিকিট হাতে পাওয়ার আগ পর্যন্ত তাঁদের মধ্যে না পাওয়ার শঙ্কা ছিল। টানা যুদ্ধ শেষে চেহারায় ফুটে ওঠে তৃপ্তিময় অভিব্যক্তি। স্টেশন এলাকা ঘুরে এমন অনেক যাত্রীর দেখা পাওয়া গেল।
আজ বুধবার সকাল আটটায় টিকিট কাউন্টার খোলে। এর ১৬ ঘণ্টা আগে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কমলাপুর স্টেশনে হাজির হয়েছিলেন বনশ্রীর বাসিন্দা ইমরান উদ্দিন। আজ সকাল প্রায় নয়টায় তিনি তাঁর গন্তব্য রাজশাহীর ‘সিল্কসিটি’র টিকিট পান।
এর আগের দিন মঙ্গলবার কথা হয় যাত্রী আবদুর সবুরের সঙ্গে। দিনাজপুরগামী ‘দ্রুতযান’-এর ১ আগস্টের টিকিট সংগ্রহের জন্য তিনি এসেছিলেন সোমবার দুপুর ১২টার দিকে। সাড়ে ২১ ঘণ্টা প্ল্যাটফর্মে কাটিয়েছেন। কখনো বসে, কখনো শুয়ে। আশঙ্কা ছিল, যদি টিকিট না পান! তিনি বলেছেন, পরে যখন চারজনের টিকিট হাতে পেলেন, মনে হলো কষ্ট সার্থক হয়েছে।
ইমরান অথবা আবদুস সবুরের মতো অনেক মানুষ খবরের কাগজ পেতে শুয়ে-বসে কমলাপুরে রাত কাটিয়েছেন। রেলওয়ে সূত্র জানায়, ৩৪টি আন্তনগর ট্রেন ছাড়াও বিভিন্ন এক্সপ্রেস ও লোকাল ট্রেনে প্রতিদিন ৫০ হাজার লোক ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে। এ ছাড়া সারা দেশে ট্রেনে ভ্রমণকারী যাত্রী প্রায় তিন লাখ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রেলওয়ের একজন নারী পরিচ্ছন্নতাকর্মী খবরের কাগজের ছেঁড়া অংশ পরিষ্কার করছিলেন আর বিড়বিড় করে বিরক্তি প্রকাশ করছিলেন। তাঁকে অনুসরণ করে প্ল্যাটফর্মের পেছন দিকটায় কফি শপের পাশে গিয়ে দেখা গেল, ছেঁড়া কাগজের স্তূপ। পরিচ্ছন্নতা কর্মী বললেন, ‘আন্দাজ দুই মণ কাগজ ঝাড়ছি, আরও অইব।’

কর্তৃপক্ষের কথা বলে জানা যায়, এবারের ঈদযাত্রায় অন্য দিনগুলোর তুলনায় ৩১ আগস্ট সবচেয়ে বেশি যাত্রী ঘরমুখী হবে। কমলাপুর স্টেশনমাস্টার নৃপেন্দ্র সাহা বলেন, ঈদের ছুটি ১ সেপ্টেম্বর থেকে। তাই ৩১ আগস্টে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি। তার ওপর ওই দিনটি হচ্ছে বৃহস্পতিবার।
গতকাল সকাল পৌনে নয়টার দিকে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য। প্রচুর নারী যাত্রীও লাইনে দাঁড়ানো। অনেকে আবার ভিড় সহ্য করতে না পেরে বেরিয়ে আসেন।
কিছু লোককে দেখা যায়, যাত্রীদের কাছে গিয়ে কোন ট্রেনের টিকিট লাগবে জানার চেষ্টা করছেন। রেলওয়ে পুলিশকে আসতে দেখে তাঁরা আবার সরেও যান।
টিকিট সংগ্রহকারীদের লাইন প্ল্যাটফর্ম ছাড়িয়ে নিচের রাস্তা পর্যন্ত ছড়িয়ে গেছে। সেখানে খাবারের দোকানগুলো সারা রাত খোলা থাকে। একজন দোকানি এই প্রতিবেদককে বলেন, মঙ্গলবার রাতে প্ল্যাটফর্ম ছেড়ে রাস্তায়ও বসেছিলেন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি লোক ভিড় জমিয়েছেন সোমবার রাতে। ভোর তিনটার দিকে লাইন চলে যায় কমলাপুর প্রধান সড়কের কাছে অটোরিকশাস্ট্যান্ড পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা যায়, ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বেশির ভাগ গন্তব্যের টিকিট শেষ হয়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোর। দিনাজপুরের দ্রুতযান ও একতা, রংপুরের রংপুর এক্সপ্রেস, লালমণি হাটের লালমণি এক্সপ্রেস, সৈয়দপুরের নীলসাগর, রাজশাহীর সিল্কসিটি, ধূমকেতুর টিকিট সবার আগে বিক্রি হয়ে যায়। সিলেটগামী কিছু ট্রেনের টিকিট রয়েছে। ঈদ উপলক্ষে ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চলবে। এগুলো হচ্ছে সকাল ৯টা ২৫ মিনিটে রাজশাহী স্পেশাল, সকাল ৮-৪৫-এ দেওয়ানগঞ্জ স্পেশাল এবং বিকেল ৫টা পার্বতীপুর স্পেশাল।
স্টেশনমাস্টার নৃপেন্দ্র সাহা বলেন, বিশেষ ট্রেন ছাড়াও চট্টগ্রামগামী সোনারবাংলা, সুবর্ণ, রাজশাহীর সিল্কসিটিসহ সারা দেশের বেশির ভাগ আন্তনগর ট্রেনে চার থেকে পাঁচটি অতিরিক্ত বগি যুক্ত করা হবে।