‘স্বাধীনতার ৪৪ বছর পরও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলা হয়। এটি মুক্তযুদ্ধের অবমাননা ছাড়া আর কিছুই নয়। মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ থাকবে, তাঁরা যেন যুদ্ধদিনের স্মৃতিকথা লিখে যান। লিখতে না পারলে তাঁদের বক্তব্য রেকর্ড করে রাখা হোক। এসব ভবিষ্যতে থেকে যাবে। মুক্তিযুদ্ধ নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, তখন একজন বাঙালি হিসেবে আমার কষ্ট হয়।’ চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার এসব কথা বলেছেন।
গতকাল রোববার দুপুরে নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে ১২০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও ১০ হাজার টাকা তুলে দেন মেয়র।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশকে আর পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করা যাবে না। এই দেশ আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো অকার্যকর রাষ্ট্র হোক তা কেউ চায় না। বিজয়ের মাসে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে মাটি ও মানুষকে ভালোবেসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
মেয়র বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন এখনো পূরণ হয়নি। জাতির পিতার স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতার পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন। তিনি বলেন, যাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, দক্ষতা, সফল দেশ পরিচালনা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না।
চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি. বয়কো অনুষ্ঠানে বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে বন্দরের জাহাজ আসা-যাওয়ার পথ নিরাপদ করতে বাংলাদেশের ডাকে সোভিয়েত ইউনিয়ন সাড়া দিয়েছিল।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেয়রের কাছে দাবিনামা পেশ করেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সভাপতি মোজাফফর আহমেদ। দাবিগুলো হচ্ছে দারিদ্র্যসীমার নিচে থাকা মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগরে সড়কের নামকরণ করা এবং প্রতিটি থানায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ ইত্যাদি। মেয়র এসব দাবি পূরণের আশ্বাস দেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ মঈন উদ্দীন খান বাদলের লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে গতকালের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধ ও সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাধীনতার ৪৪ বছর পূর্তি উপলক্ষে মঞ্চের সামনে রাখা ৪৪টি প্রদীপ প্রজ্বালন করেন মুক্তিযোদ্ধারা।