'যুদ্ধাপরাধীদের বিচার ইস্যু নির্বাচনী বিবাদের বাইরে রাখুন'
যুদ্ধাপরাধীদের বিচার ইস্যু আর নির্বাচন পদ্ধতি ইস্যু এক নয়। কিন্তু কেউ কেউ এ দুটি ইস্যুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক করে ফেলার অপচেষ্টা করছেন। যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক বিবাদের বাইরে রাখতে হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিক্ষোভ সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। অবিলম্বে যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবির নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে সিপিবি-বাসদ এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে। সেলিম বলেন, একতরফা নির্বাচন আয়োজনের ভেতর দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে দৃঢ়ভাবে মোকাবিলা করার ক্ষেত্রে আওয়ামী লীগ নৈতিক শক্তি হারিয়েছে। একইভাবে জামায়াতকে ত্যাগ না করলে প্রকৃত মুক্তিযোদ্ধারা বিএনপি থেকে বের হয়ে আসবেন—সেদিন বেশি দূরে নয়। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘বিভিন্ন দেশের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা এখন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার।’ সমাবেশে আরও বক্তব্য দেন রাজেকুজ্জামান, সাজ্জাদ জহির প্রমুখ। বিক্ষোভ-সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।