‘যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করে অবশ্যই জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। যুদ্ধাপরাধীদের বিচারে সাধারণ মানুষের যে সাড়া মিলেছে, এতে বিচারকাজ অনেকটা এগিয়ে যাচ্ছে। এরই ফলে জাতীয় সংসদে বিপুল উৎসাহে যুদ্ধাপরাধীদের বিচার করতে বিল পাস হয়েছে।’গতকাল শনিবার রাত সাতটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কে খন্দকার এসব কথা বলেছেন। সিলেট সেক্টর কমান্ডার ফোরামের বিভাগীয় সম্মেলন ও সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির চেয়ারম্যান সদ্যপ্রয়াত ইনামুল হক বীর প্রতীকের স্মরণসভায় তিনি বক্তব্য রাখছিলেন। আইনজীবী সরওয়ার আহমদ আবদালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব এম হারুন-অর-রশিদ বীর প্রতীক, প্রচার সম্পাদক হারুন হাবীব, সাংগঠনিক সম্পাদক ম. হামিদ, মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম চৌধুরী প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন: মুক্তিযুদ্ধের প্রবাসীসংগঠক আলী ইসমাইল, প্রয়াত ইনামুল হক চৌধুরী বীর প্রতীকের স্ত্রী মারিয়ান চৌধুরী, বদরুল আলম খসরু, মানিক মিয়া, বন্ধু গোপাল দাস, আবুল খায়ের চৌধুরী, আবদুল জাহের, বজলুল মজিদ, আলী ইসমাঈল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন: ফোরামের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান।এর আগে সভার শুরুতে ফোরামের সাবেক বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সদ্যপ্রয়াত ইনামুল হক চৌধুরী বীর প্রতীক স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁর কর্মময় জীবনের ওপর লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক কেয়া চৌধুরী।