‘যুদ্ধাপরাধীদের বিচার হলে তাঁর আত্মা শান্তি পাবে’
আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। গতকাল রোববার সকালে বনানী কবরস্থানে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ও সাবেক মন্ত্রীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় আবদুর রাজ্জাকের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, তা শুরু করেছিলেন আবদুর রাজ্জাক। তাই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে তাঁর আত্মা শান্তি পাবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমৃত্যু সোচ্চার ছিলেন আবদুর রাজ্জাক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে সক্রিয় ছিলেন আবদুর রাজ্জাক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীও শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগ ছাড়াও শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আবদুর রাজ্জাক স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানায়। আবদুর রাজ্জাকের নির্বাচনী এলাকা শরীয়তপুরের ডামুড্যার অধিবাসীদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় গুলশানের বাসায় রাজ্জাকের পরিবারের পক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।গত বছরের ২৩ ডিসেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আবদুর রাজ্জাক।