আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ সারা বিশ্বের জন্য মডেল হবে। আর এ বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিরোধী দল ও জামায়াতে ইসলামী চেষ্টা করছে। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করে মাফ দেওয়ার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করছি। গতকাল বুধবার বিকেলে কুমিল্লার আদালত চত্বরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদালতের দৈনিক কার্যতালিকা জনসমক্ষে প্রদর্শনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইন ও বিচার বিভাগের সচিব সহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা দায়রা জজ এ আর মাছউদ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মমিন ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, প্রবীণ আইনজীবী আহমদ আলী, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান প্রমুখ। আইন ও বিচার বিভাগ, কুমিল্লা জেলা জজশিপ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বিনা কারণে আদালত মুলতবি দেবেন না। এ কারণে বিচার বাধাগ্রস্ত হয়। বাস্তবতার আলোকে বলছি, দীর্ঘসূত্রতার কারণে মক্কেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।