‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন অন্যায় ও অনাচারের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিলেন, ঠিক সেভাবেই জাতিকে কলঙ্কমুক্ত করার আন্দোলন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়তে হবে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। ইউনিভার্সিটি ক্লাব কুমিল্লার সভাপতি শাহ মো. সেলিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ও উৎসবের আহ্বায়ক মো. মোকাদ্দেছ আলী মজুমদার। পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। পুনর্মিলনী উৎসবে সহস্রাধিক শিক্ষার্থী ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন। এর আগে কুমিল্লা নগরের টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী উন্নয়ন একাডেমীতে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুনর্মিলনী উৎসবে আসা প্রাক্তন শিক্ষার্থী সেলিম রেজা, তারিকুল হক, মনিরুল ইসলাম, সাহারীয়ার আক্তার ও সালমা আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত ছিলাম। দীর্ঘদিন পর পুনর্মিলনীতে এসে সেই সোনালি দিনগুলোর কথা বেশ মনে পড়ছে।’