তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের মাফ নাই, শ্রমিকের ঘামের দাম চাই। যত দিন মালিকেরা শ্রমিকের ঘামের দাম মিটিয়ে দেবেন না, তত দিন জাসদ রাজপথে থাকবে।মন্ত্রী গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে শ্রমিক জনসভায় এসব কথা বলেন। জাসদ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। এতে প্রধান বক্তা ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক, বাণিজ্য সম্পাদক তৈয়বুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের নেতা আঞ্জুমান আরা, হায়দার আলী, আবু মোহাম্মদ হাশেম প্রমুখ।ইনু বিরোধী নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি দুর্নীতিপরায়ণ দুই ছেলে, জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের ত্যাগ করে রাজনীতি করুন।