‘যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড হলে নিন্দা জানাতে পারবে না সৌদি আরব’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে এবং আদালত তাঁদের মৃত্যুদণ্ড দিলে, তা নিয়ে প্রতিবাদ বা নিন্দা জানানোর নৈতিক অবস্থান সৌদি আরবের থাকবে না। রাষ্ট্রপতির অনুরোধ সত্ত্বেও সৌদি আরবে আট বাংলাদেশির প্রকাশ্যে শিরশ্ছেদের ঘটনায় গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।শিরশ্ছেদ হওয়া আট ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতির অনুরোধ না রাখায় একদিক দিয়ে বাংলাদেশ সরকারের লাভ হয়েছে। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। সৌদি আরব বিদেশিদের বিচার করেছে। আমরা আমাদের নিজেদের লোকদের বিচার করছি। এ বিচারেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অভিযোগ প্রমাণিত হলে এবং আদালত মৃত্যুদণ্ড দিলে, সৌদি আরব সেই বিচার-প্রক্রিয়া বা শাস্তির বিরুদ্ধে নৈতিক অবস্থান নিয়ে প্রতিবাদ বা নিন্দা করতে পারবে না।’