'যুদ্ধাপরাধীদের সঙ্গে আপসের রাজনীতি সহিংসতার কারণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সহিংসতা, শান্তি, গণতন্ত্র ও স্থানীয় সরকারব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় গতকাল বক্তব্য দেন সুলতানা কামাল  প্রথম আলো
‘সহিংসতা, শান্তি, গণতন্ত্র ও স্থানীয় সরকারব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় গতকাল বক্তব্য দেন সুলতানা কামাল প্রথম আলো

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, দীর্ঘদিন থেকে আমাদের সাম্প্রদায়িক রাজনৈতিক সংস্কৃতির চর্চা এবং মুক্তিযুদ্ধবিরোধী নানা পদক্ষেপকে প্রশ্রয় দেওয়া, যুদ্ধাপরাধীদের সঙ্গে আপসের যে রাজনীতি চলছে, এসবই আজকের এই সহিংসতার কারণ। মানুষ হিসেবে, এ দেশের নাগরিক হিসেবে এই সীমাবদ্ধতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সহিংসতা, শান্তি, গণতন্ত্র ও স্থানীয় সরকারব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় সুলতানা কামাল এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এখন আর ধর্মনিরপেক্ষতার কথা বলি না, যা ছিল মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম ভিত্তি। এর চর্চা নেই বলেই আমরা বারবার এ রকম সহিংসতার শিকার হই।’
৩৬টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের প্ল্যাটফর্ম ‘গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম’ এ মতবিনিময় সভার আয়োজন করে। ফোরামের চেয়ারপারসন ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। মূল প্রবন্ধে বলা হয়, সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা সবাই যতটা দর্শকের ভূমিকা পালন করেছি ততটা সক্রিয় কর্মীর ভূমিকা পালন করতে পারিনি। দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হলে সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও একটি সুনির্দিষ্ট ধারায় ক্ষমতায়িত করা প্রয়োজন।
কাজী খলীকুজ্জমান বলেন, ‘দেশে সার্বিক সুশাসন প্রতিষ্ঠিত হলে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার পথেও আমরা অগ্রসর হব। এর অন্যতম পূর্বশর্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক ও আর্থিকভাবে ক্ষমতায়িত করা, ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ ঘটানো।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, স্থানীয় সরকার ক্ষমতায়িত হলে আজকে যে সহিংসতাগুলো হচ্ছে তা প্রতিরোধ করা সহজতর হতো।
মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের পরিচালক বিভুরঞ্জন সরকার প্রমুখ অংশ নেন।