'যুদ্ধাপরাধীর কবর দেশের মাটিতে নয়'
যুদ্ধাপরাধের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশের মাটিতে কবর দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। একই সঙ্গে যুদ্ধাপরাধের অবশিষ্ট বিচার ত্বরান্বিত করতে সাত বিভাগে সাতটি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন ফোরামের সদস্যরা।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফোরামের উদ্যোগে ‘যুদ্ধাপরাধীর বিচার ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার। দেশের মাটিতে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কবর দেওয়ার ব্যাপারে আপত্তি তোলেন তিনি।
ফোরামের সাবেক মহাসচিব লে. জে. (অব.) এম হারুন-অর-রশিদ বলেন, ‘মুক্তিযুদ্ধে যত মানুষ শহীদ হয়েছেন তাঁদের কারও কবর হয়নি। আমরা দাবি করছি, যুদ্ধাপরাধের বিচারে যাঁদের মৃত্যুদণ্ড হবে, দেশে তাঁদের কোনো কবর হবে না।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) অনুসন্ধান দলের উপপ্রধান সানাউল হক বলেন, পৃথিবীর কোনো দেশেই যুদ্ধাপরাধীদের কবর সেই দেশে হয় না।
আইসিটির অন্যতম প্রসিকিউটর রানা দাশগুপ্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার দাবি জানান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, পৃথিবীর কোনো দেশেই সে দেশের যুদ্ধাপরাধীদের কবর হয়নি, তা জনগণকে বোঝাতে হবে। এ ব্যাপারে জনমত তৈরিতে ফোরামের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে জানান বৈঠকের সভাপতি ও ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ।
বৈঠক সঞ্চালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমান, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসউদ, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার প্রমুখ।