‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে খালেদার বক্তব্য সংসদ অবমাননার শামিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়ে তাঁদের রক্ষা করতে চাচ্ছেন। সংসদে গৃহীত প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি সংসদ অবমাননা করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।গতকাল বৃহস্পতিবার নবম সংসদের একাদশ অধিবেশনের প্রথম দিনে মহাজোটের সাংসদেরা এ কথা বলেন। এ দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বক্তব্য দেন চার সাংসদ।বিরোধী দলের নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারকে কটাক্ষ করার অভিযোগ তুলে সংসদে সাধারণ আলোচনার দাবি জানান সাংসদেরা। এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, এ বিষয়ে নোটিশ দেওয়ার পর আলোচনা করা যাবে।সম্প্রতি বিরোধী দলের রোডমার্চে খালেদা জিয়া বলেন, নিজামী, সাঈদী যুদ্ধাপরাধী নন। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের মুক্তি চান তিনি। খালেদা জিয়ার ওই বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, স্বাধীনতার ৪১ বছর পর প্রমাণিত হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিলেন। যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তিকে রক্ষার জন্য তিনি মাঠে নেমেছেন।সুরঞ্জিত বলেন, তিনি (খালেদা জিয়া) সংসদকে অবমাননা করেছেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে তিনি যে বিষোদ্গার করেছেন, তা সংসদ অবমাননার শামিল। জিয়াউর রহমানের স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের ‘পুনর্বাসন করার’ তথ্য তুলে ধরেন আরেক জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ।